আন্দোলনে ওষুধ বিক্রয় প্রতিনিধিরা
বেতনবৈষম্য দূর, চাকরির সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, ফারিয়াকে সরকার কর্তৃক নিবন্ধন ও স্বীকৃতি প্রদান, সাপ্তাহিক ছুটিসহ অন্যান্য জাতীয় ছুটি প্রদানের বিধান রাখাসহ পাঁচ দফা দাবিতে গতকাল মঙ্গলবার সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সংগঠন ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)। এ সময় বক্তারা বলেন, ওষুধ কোম্পানিতে কর্মরত ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভরা দেশের বিভিন্ন উচ্চশিক্ষা-প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জনকারী। একই রকম ডিগ্রি নিয়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা চাকরির ক্ষেত্রে নানা ধরনের সুযোগ-সুবিধা ভোগ করে আসছেন। অথচ তাঁরা এসব সুযোগ-সুবিধা থেকে আজও বঞ্চিত।
তাঁরা পোশাক-পরিচ্ছদে বাইরে অনেক ফিটফাট থাকলেও নানা বৈষম্যের শিকার। দেশে বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে তাঁদের স্বল্প বেতনে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন প্রায় দুরূহ হয়ে উঠেছে। তারপরও পরিবার-পরিজনের মুখের দিকে চেয়ে দিনরাত পরিশ্রম করে চলেছেন।
বক্তারা তাঁদের দাবি বাস্তবায়নে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। তা না হলে ভবিষ্যতে দোকানে ওষুধ সরবরাহ বন্ধ রাখাসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা। এদিন সংগঠনের সদস্যরা অর্ধদিবস কর্মবিরতিও পালন করেন।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
ঠাকুরগাঁও: ফারিয়ার রানীশংকৈল উপজেলা শাখার দুপুরে মানববন্ধন চলাকালে চাকরির নিশ্চয়তা, সরকারি নতুন বেতন স্কেল অনুযায়ী সপ্তম গ্রেডে বেতন বৃদ্ধিসহ পাঁচ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরেন বক্তারা। এ সময় বক্তব্য দেন ফারিয়ার রানীশংকৈল উপজেলার সভাপতি ধনহরি বর্মণ, সাধারণ সম্পাদক আলী হোসেন, উপদেষ্টা আবদুল আলীম, মাহফুজ সারোয়ার খান প্রমুখ। পরে মানববন্ধন শেষে তাঁরা একটি শোভাযাত্রা নিয়ে রানীশংকৈল উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার নাহিদ হাসানের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে স্মারকলিপি দেন।
কুড়িগ্রাম: সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনকালে বক্তব্য দেন ফারিয়ার জেলা সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক হেলাল মিয়া, সাবেক সভাপতি হাফিজুর রহমান, নাগেশ্বরী উপজেলা সভাপতি আবদুল হাই, সদস্য মিলন, চাঁদ মিয়া, সুমন, আমিনুল, মিজানুর প্রমুখ। পরে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
লালমনিরহাট: সকালে শহরের মিশন মোড় চত্বরে মানববন্ধন হয়। এ সময় বক্তব্য দেন ফারিয়ার জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রবির সরকার, সাধারণ সম্পাদক আতাউর রহমান, কর্মসূচি সংগঠক সোহেল রানা।
সৈয়দপুর (নীলফামারী): অর্ধদিবস কর্মবিরতি, মুখে কালো কাপড় বেঁধে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। সৈয়দপুর প্রেসক্লাবের সামনে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন হয়। এতে সংগঠনের দুই শতাধিক সদস্য অংশ নেন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সৈয়দপুর ফারিয়ার সভাপতি মিজানুর রহমান, সহসভাপতি ইব্রাহিম আলী, সাধারণ সম্পাদক আতাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, ধর্মবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির ও উপদেষ্টা হাবিবুর রহমান।