আন্দোলনে নামছে বাংলাদেশ শিক্ষক সমিতি
পুরো শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, সরকারি চাকুরেদের সঙ্গে মিল রেখে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন বার্ষিক ৫ শতাংশ বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে আন্দোলনে নামছে বাংলাদেশ শিক্ষক সমিতি। বেসরকারি শিক্ষক-কর্মচারীদের এই সংগঠন এ বিষয়ে মানববন্ধন, সমাবেশ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়াসহ কিছু কর্মসূচি ঘোষণা করেছে।
আজ রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব দাবি ও কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২৭ নভেম্বর সারা দেশে উপজেলা সদরে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান। আগামী ৮ জানুয়ারি জেলা সদরে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। ১০ থেকে ২০ জানুয়ারি বিভাগীয় সমাবেশ ও বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং ২৫ জানুয়ারি ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় শিক্ষকসমাবেশ করা হবে। সেখান থেকেও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে সমিতির নেতারা বলেন, এরপরও দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, সহসভাপতি রঞ্জিত কুমার সাহা প্রমুখ।