আন্দোলনে নামছেন মেডিকেল শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্যারি অন’ প্রথা চালুর দাবিতে কাল শনিবার থেকে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নামছেন। সম্প্রতি ‘ক্যারি অন’ প্রথা বাতিল করা হয়। শিক্ষার্থীদের দাবি, এই প্রথা বাতিলের কারণে তাঁরা সেশনজটে পড়বেন, পাশাপাশি শিক্ষানবিশ চিকিৎসকের সংকট দেখা দেবে।
‘বাংলাদেশ সম্মিলিত মেডিকেল শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কাল দুপুর ১২টায় সারা দেশে একযোগে মানববন্ধনের ডাক দিয়েছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁরা এ কথা জানান।
আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী তাজ মো. মঞ্জুরুল হক প্রথম আলোকে বলেন, ‘ক্যারি অন’ প্রথা বাতিল হওয়ায় মেডিকেল কলেজের কয়েক শ শিক্ষার্থী ইতিমধ্যে ছয় মাস পিছিয়ে পড়েছেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১২ সালে এমবিবিএস কোর্সের বিষয় ও পরীক্ষাপদ্ধতিতে পরিবর্তন আনা হয়। আগে শিক্ষার্থীদের তিনটি পরীক্ষা দিতে হতো। পরীক্ষাগুলোকে বলা হয় ‘প্রফেশনাল এক্সামিনেশন’। ২০১২ সালের আগে প্রফেশনাল পরীক্ষায় কোনো একটি বিষয়ে খারাপ করলেও শিক্ষার্থীরা পরের প্রফেশনাল কোর্সে অংশ নিতে পারতেন। যে বিষয়ে খারাপ করতেন, শুধু সেই বিষয়ের পরীক্ষা দিলে চলত। নতুন নিয়মে শিক্ষার্থীদের আর পরের কোর্সে অংশ নিতে দেওয়া হচ্ছে না। তাঁকে ছয় মাস বসে থেকে ওই একটি বিষয় পড়তে হচ্ছে। তিনি তাঁর সহপাঠীদের তুলনায় ছয় মাস পিছিয়ে যাচ্ছেন।
মেডিকেল কলেজের পাঠ্যক্রম সাজানো ও পরীক্ষাপদ্ধতি কেমন হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। বিএমডিসির রেজিস্ট্রার জেড এইচ বসুনিয়া প্রথম আলোকে বলেছেন, শুধু প্রথম প্রফেশনাল পরীক্ষার ক্ষেত্রেই এই প্রথা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিন-চার বছর খ্যাতনামা অধ্যাপকদের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয় শিক্ষার মানোন্নয়নের কথা মাথায় রেখে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএমডিসির একটি সূত্র বলেন, শিক্ষার্থীরা যেন প্রথম থেকেই মেডিকেল কলেজের পড়ালেখায় মনোযোগী হন, সে জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়।