অষ্টম বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল রাখার এবং শিক্ষকদের পদমর্যাদা উন্নীতকরণের দাবিতে সব সরকারি কলেজের শিক্ষকেরা গতকাল রোববার দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন। এ কারণে গতকালও সরকারি কলেজগুলোতে কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি।
বিভিন্ন দাবিতে সরকারি প্রাথমিক শিক্ষকদের সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছে। কর্মসূচি ঘোষণা করছে।
৭ সেপ্টেম্বর সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দিয়ে মন্ত্রিসভায় অষ্টম বেতন স্কেল অনুমোদনের পর থেকে এ দুটি বহালের দাবিতে আন্দোলনে নামেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। কলেজশিক্ষকেরা এ ক্যাডারের। এর মধ্যে গত শনিবার থেকে টানা দুই দিনের কর্মবিরতি পালন করেন তাঁরা। কলেজগুলোতে আজ সোমবার থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই কর্মবিরতির কারণে আগেই শনি ও রোববারের পরীক্ষা স্থগিত ঘোষণা করে।
গতকাল বেলা ১১টার দিকে ঢাকা কলেজে গিয়ে দেখা গেছে ছাত্রদের উপস্থিতি হাতেগোনা। শিক্ষকেরা কলেজে এলেও শ্রেণিকক্ষে যাননি। তাঁরা কলেজের মূল ভবনের ফটকের সামনে কিছুক্ষণ অবস্থান কর্মসূচি পালন করেন।
রাজধানীর সব সরকারি কলেজেই এ কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকার বাইরের সরকারি কলেজের শিক্ষকেরাও কর্মবিরতি পালন করেন। কর্মবিরতির কারণে চট্টগ্রামের ১০টি সরকারি কলেজে ক্লাস-পরীক্ষা হয়নি। একই দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডেও কর্মবিরতি পালন করেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা।
বর্তমানে দেশে ৩০৫টি সরকারি কলেজ ও সমপর্যায়ের প্রতিষ্ঠান রয়েছে। আর শিক্ষা ক্যাডারে মোট কর্মকর্তা আছেন প্রায় ১৪ হাজার।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব আই কে সেলিম উল্লাহ খন্দকার বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। তিনি বলেন, ঈদের পর ৭ অক্টোবর সারা দেশে দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত মানববন্ধন করা হবে। ১০ অক্টোবরের মধ্যে দাবি পূরণের বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস না পেলে ১৪ ও ১৫ অক্টোবর ক্লাস বর্জন করা হবে। ১৮ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (শিক্ষা ভবন) সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
প্রাথমিক শিক্ষকেরাও আন্দোলনে: প্রধান শিক্ষকদের বেতন-সংক্রান্ত জটিলতা নিরসনসহ কয়েকটি দাবিতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি দ্বিতীয় দিনের মতো গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করে। একই দাবিতে আজ তারা পূর্ণদিবস কর্মবিরতি পালন করবে।
প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা ও জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডে অন্তর্ভুক্ত করাসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি নামের একটি সংগঠন ৩০ সেপ্টেম্বরের মধ্যে তাদের দাবি বাস্তবায়নের জন্য সরকারকে সময় বেঁধে দিয়েছে। না হলে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ অক্টোবর থেকে ৫ অক্টোবর সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টার কর্মবিরতি ও ৬ অক্টোবর থেকে লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে। গতকাল জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনের নেতারা এ কর্মসূচি দেন।