আন্দোলনে ব্যর্থ হয়ে তারা গুপ্তহত্যা চালিয়ে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের কোটালীপাড়ায় গতকাল শেখ লুৎফর রহমান আইডিয়াল সরকারি ডিগ্রি কলেজ মাঠে এক অনুষ্ঠানে উপজেলার ১০০ প্রাথমিক ও ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করেন l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের কোটালীপাড়ায় গতকাল শেখ লুৎফর রহমান আইডিয়াল সরকারি ডিগ্রি কলেজ মাঠে এক অনুষ্ঠানে উপজেলার ১০০ প্রাথমিক ও ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করেন l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তথাকথিত আন্দোলনের নামে সরকার উৎখাতে ব্যর্থ হয়ে বিএনপি-জামায়াত জোট গুপ্তহত্যা ঘটিয়ে চলেছে। আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যার পর তারা দেশে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড শুরু করেছে। তারা বেছে বেছে সাধারণ মানুষকে তাদের হত্যার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তারা মসজিদের ইমাম, গির্জার পাদরি, মন্দিরের পুরোহিত, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হত্যা করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।
গতকাল শনিবার বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান আইডিয়াল সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এর আগে এক অনুষ্ঠানে উপজেলার ১০০ প্রাথমিক ও ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করেন তিনি।
সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত কিছু হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত’ উল্লেখ করে সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘দেশে সন্ত্রাসের কোনো স্থান নেই। সন্ত্রাসীদের কোনোভাবেই এ দেশের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না। আমরা বিশ্বে বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাঁর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টায় জড়িত দেশি-বিদেশি চক্রকে বিচারের আওতায় আনা হবে। তিনি বলেন, বাংলাদেশ থেকে যাঁরা ষড়যন্ত্রটিতে মদদ দিয়েছেন, তাঁদেরও চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। জয়কে হত্যাচেষ্টায় জড়িত বিএনপি-জামায়াত চক্রকে বিচারের আওতায় আনা না গেলে দেশের বিরুদ্ধে তাদের চলমান ষড়যন্ত্র বন্ধ হবে না।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সম্প্রতি আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির একজন কাজিনকে হত্যা করা হয়েছে। তাঁর কী দোষ ছিল? সে কী অপরাধ করেছে? নাকি দীপু মনির কাজিন হওয়াই তাঁর অপরাধ?’ এ রকম হত্যাকাণ্ড ঠেকাতে তিনি মসজিদের ইমাম ও পরিবারের অভিভাবকদের আরও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, ইসলাম কোনোভাবেই হত্যাকে সমর্থন করে না। ধর্মের এ মর্মবাণী সবাইকে বোঝাতে হবে।
শেখ হাসিনা আরও বলেন, ‘ইসলাম শান্তি ও সহিষ্ণুতার ধর্ম। ইসলাম আমাদের ধৈর্য ধারণ করার শিক্ষা দেয়। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) ধর্ম নিয়ে বাড়াবাড়ি পছন্দ করতেন না। কারও ধর্মীয় অনুভূতিতে যেন আঘাত না করা হয়, তিনি সে পরামর্শই দিতেন।’
সুধী সমাবেশের আগে দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন এবং শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে আরেকটি সমাবেশে বক্তৃতা দেন প্রধানমন্ত্রী। দেশের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে আজীবন কাজ করে যাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, ‘দুর্নীতি করে ভাগ্য গড়তে আসিনি। রাজনীতি করছি নিজের ভাগ্য উন্নয়নের জন্য নয়, মানুষের কল্যাণে। বাকিটা জীবন সেটাই করে যাব।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের উন্নয়নকে অনেকে বিস্ময় বলেন, আমি বলি এটি বিস্ময় নয়; বিশ্বাস। জনগণের প্রতি বিশ্বাস। এই বিশ্বাস আছে বলেই দেশের উন্নতি করতে পারছি। নিয়ত ভালো বলে যেখানেই হাত দিচ্ছি, সেখানেই সাফল্য অর্জন করছি।’
সমাবেশস্থল থেকে প্রধানমন্ত্রী ফলক উন্মোচন করে মধুমতী নদীর ওপর নবনির্মিত চাপাইল সেতু, টুঙ্গিপাড়া প্রধান ডাকঘর, গোপালগঞ্জ জেলা শিশু একাডেমি কমপ্লেক্স ও জাতীয় মহিলা সংস্থা ভবন উদ্বোধন করেন। এ ছাড়া গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, গোপালগঞ্জ ১০ কিলোওয়াট এফএম রেডিও স্টেশন, গোপালগঞ্জ-কাশিয়ানী-গোবরা রেললাইন প্রকল্প এবং টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এর আগে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। বঙ্গবন্ধুর সমাধিতে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতেও অংশ নেন। বিকেলে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।