আন্দোলনে ব্যর্থ হয়ে নালিশের রাজনীতি শুরু করেছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দোলন ও নির্বাচনে সফল হতে না পেরে বিএনপি এখন দেশে-বিদেশে নালিশের রাজনীতি শুরু করেছে। যশোর শহরের বাবলাতলা এলাকায় গতকাল শনিবার সকালে নবনির্মিত একটি সেতু উদ্বোধনকালে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিএনপির সমালোচনা করে মন্ত্রী আরও বলেন, ‘যে দলের আন্দোলনে কর্মী থাকে না, নির্বাচনে যারা এজেন্ট পায় না; সিটি করপোরেশন নির্বাচনে হেরে তারা কর্মসূচি দেবে কী করে? এ জন্য সিটি নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেও বিএনপি কোনো কর্মসূচি দিতে পারেনি।’
সিটি নির্বাচনে বিএনপির বর্জন ও কারচুপির অভিযোগ নাকচ করে দেন ওবায়দুল কাদের। তাঁর প্রশ্ন, নির্বাচনে কারচুপি হলে বিএনপি এত ভোট পেল কী করে? চট্টগ্রামে বিএনপির প্রার্থী মনজুর আলমের প্রাপ্ত ভোটের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি তো দুই ঘণ্টা ভোটে ছিলেন। তাতেই তিনি যে ভোট পেয়েছেন, চারটা পর্যন্ত ভোটে থাকলে হয়তো অন্যরকম ফলও হতে পারত।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক হুমায়ূন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমান প্রমুখ।
যশোর-ঝিনাইদহ সড়কের যশোর উপশহর এলাকায় ভৈরব নদের ওপর ৪ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগ ৩০ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণ করেছে।