বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ৯২ দিন হরতাল-অবরোধ করে দেশকে যারা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, তারাই বিদেশিদের হত্যা করেছে। আন্দোলনে ব্যর্থ হয়ে তারা এ কাজ করছে। গুপ্তহত্যা চালিয়ে আন্তর্জাতিক বিশ্বে দেশের সুনাম ক্ষুণ্ন করছে।
তোফায়েল আহমেদ ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন উপলক্ষে গতকাল রোববার তাঁর বাসভবনে আয়োজিত সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, যারা বাংলাদেশের ক্ষতি চায়, তারা রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন। প্রধানমন্ত্রী যে মুহূর্তে চ্যাম্পিয়নস অব দ্য আর্থ পুরস্কারে ভূষিত হয়েছেন, বিশ্বের রাষ্ট্রনায়কেরা যখন তাঁর প্রশংসা করছেন, সেই মুহূর্তে বাংলাদেশের ক্ষতি করতে তারা বিদেশিদের হত্যা করেছে। বাণিজ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ এখন যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও সক্রিয়। দলীয় নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।
সভায় আবু সায়েমকে আহ্বায়ক, আবিদুল আলম ও মুজাহিরুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে ৫০ সদস্যের কমিটি গঠন করা হয়। এর আগে ভোলা সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে বক্তব্য দেন তোফায়েল আহমেদ।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নির্বাহী সদস্য মো. ইউনুছের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ।