নতুন বেতন স্কেলে ‘বৈষম্যের’ অভিযোগ তুলে আন্দোলনে যাচ্ছে সরকারি চাকরিজীবী এবং সরকারি, বেসরকারি শিক্ষকদের কয়েকটি সংগঠন।
ব্যাংক খাতের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো না করায় ব্যাংক কর্মকর্তারাও ক্ষুব্ধ। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে নবনিযুক্ত সহকারী পরিচালকদের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, ‘আমি আপনাদের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো আনতে পারলাম না। সর্বোচ্চ পর্যায় থেকে অনুমোদনের পরও এটা হয়নি। আমি হতাশ ও বিব্রত।’
এ বিষয়ে গতকাল সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘স্বতন্ত্র বেতনকাঠামো হবেই না।’
গত মঙ্গলবার অর্থ বিভাগ চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ জারি করে। এতে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাদ দেওয়া হয়েছে। এতে বিসিএস ক্যাডারভুক্ত কর্মকর্তাদের প্রবেশ পদ (চাকরির শুরু) অষ্টম গ্রেডে নির্ধারিত করা হয়। আর, নন-ক্যাডার কর্মকর্তাদের প্রবেশ পদ আগের মতো নবম গ্রেডেই রয়েছে।
বাংলাদেশ সম্মিলিত সরকারি কর্মকর্তা পরিষদ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, নতুন সিদ্ধান্তে সাড়ে তিন লাখ নন-ক্যাডার কর্মকর্তা বৈষম্যের শিকার ও প্রাপ্য থেকে বঞ্চিত হবেন। এ বিষয়ে তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়ে ২১ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টা প্রতীকী কলম বিরতি পালন করবেন। ২২ ডিসেম্বর পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।
২৬টি বিসিএস ক্যাডারের সংগঠন এবং প্রকৌশলী, কৃষিবিদ ও চিকিৎসকদের সংগঠন প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বেলা ১১টায় সমাবেশ করবে। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করায় গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্যানটিনে সভা করে বাংলাদেশ সচিবালয় পার্সোনাল অফিসার্স অ্যাসোসিয়েশন ক্ষোভ প্রকাশ করেছে।
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বিষয়গুলোও অস্পষ্ট রাখায় আন্দোলনের হুমকি দিয়েছে শিক্ষকদের সংগঠনগুলো। বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, নতুন স্কেলে সরকারি চাকরিজীবীদের সঙ্গে যদি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন একসঙ্গে না দেওয়া হয়, তাহলে তাঁরা কঠোর আন্দোলনে যাবেন।
জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টভুক্ত বাংলাদেশ শিক্ষক সমিতি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সরকারি শিক্ষক-কর্মচারীদের মতো তাঁদের একই সঙ্গে বেতন দেওয়ার দাবি জানায়। আর, বাংলাদেশ শিক্ষক সমিতির একাংশ বলেছে, কোনো প্রকার শর্ত ছাড়াই বকেয়াসহ শিক্ষকদের বেতন দিতে হবে। তা না হলে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝোলানো হবে।
সরকারি কলেজের শিক্ষকদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি গতকাল তাৎক্ষণিক সভা করে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে। সমিতির মহাসচিব আই কে সেলিম উল্লাহ খোন্দকার প্রথম আলোকে বলেন, সিলেকশন গ্রেড বাদ দেওয়ায় শিক্ষা ক্যাডারের অধ্যাপকদের পদ অবনমন হলো। তাঁরা এটা কোনোভাবেই মানবেন না। ২২ ডিসেম্বর কর্মসূচি ঘোষণা করবেন। তার আগে ২০ ডিসেম্বর শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবের সঙ্গে বৈঠক করে এর প্রতিকার চাইবেন তাঁরা।