আন্দোলনে শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের সরকারি চাকুরেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম বেতন স্কেলে পদমর্যাদা ‘অবনমন’ ও বেতনবৈষম্যের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এবং সরকারি কলেজের শিক্ষক, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সরকারি চাকরিজীবীরা।
এদের মধ্যে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের (মূলত কলেজশিক্ষক) সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে দুই দিনের কর্মবিরতি ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ২৭ ডিসেম্বর সব বিশ্ববিদ্যালয়ে একযোগে সংবাদ সম্মেলন করে তাঁদের প্রতি বৈষম্যের চিত্র তুলে ধরবেন। আগামী ২ জানুয়ারি তাঁরা কর্মসূচি ঘোষণা করবেন। প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসক ও ২৬টি বিসিএস ক্যাডার কর্মকর্তাদের নিয়ে গঠিত প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি ২০ ডিসেম্বর থেকে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করছে। আজ বুধবার দুপুর ১২টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক ঘণ্টা মানববন্ধন করবে কমিটি।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল গতকাল ব্যাংক ভবনে জরুরি সভা ও সংবাদ সম্মেলন করে বলেছে, তাদের চাকরির শুরুর পদ ও বিসিএস ক্যাডার কর্মকর্তাদের শুরুর পদে বৈষম্য করা হয়েছে। ক্যাডার কর্মকর্তাদের মতো বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকের পদটিও অষ্টম গ্রেডে নির্ধারণ করতে হবে। একই সঙ্গে নির্বাহী পরিচালকের পদ গ্রেড-১-এ উন্নীত করা ও প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংককে পৃথকভাবে দেখানোরও দাবি করা হয়েছে। এসব দাবিতে আজ প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর স্মারকলিপি দেবেন তাঁরা। ২৭ ডিসেম্বর থেকে তাঁরা কালো ব্যাজ ধারণ করবেন।
গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি নাসরীন বেগম ও মহাসচিব আই কে সেলিম উল্লাহ খোন্দকার। সংবাদ সম্মেলনে বলা হয়, নতুন বেতন স্কেলে সরকারি কলেজের অধ্যাপকদের পদমর্যাদা ও বেতনক্রম ‘অবনমন’ করা হয়েছে, যা সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করার শামিল। ৩১ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ না নিলে ৪ ও ৫ জানুয়ারি সরকারি কলেজের শিক্ষকেরা পরীক্ষা বর্জনসহ পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন। আজ শিক্ষাসচিব সোহরাব হোসাইনের সঙ্গে এবং আগামীকাল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে দেখা করে তাঁদের বক্তব্য তুলে ধরবেন।
কর্মসূচিতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা: গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক সমিতিগুলোর জোট বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভায় বলা হয়, বেতন স্কেলের প্রজ্ঞাপনে তাঁদের দাবির প্রতিফলন হয়নি। পর্যালোচনা করে তাঁরা দেখেছেন, সরকার যেভাবে বলছে সেভাবে বাস্তবায়িত হলে সপ্তম জাতীয় বেতনকাঠামোর তুলনায় গ্রেড-১ পাওয়া অধ্যাপকের সংখ্যা অর্ধেক কিংবা তারও নিচে নেমে আসবে। জাতীয় অধ্যাপকদের জ্যেষ্ঠ সচিবদের পর্যায়ে বেতন দিয়ে অপমান করা হয়েছে বলে তাঁরা মনে করেন।
ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন: বেতনবৈষম্যের প্রতিবাদে গতকাল দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ইনস্টিটিউটশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সভুক্ত প্রকৌশলীরা। মানববন্ধন শেষে তাঁদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে গিয়ে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে।
প্রাথমিক সহকারী শিক্ষক ফেডারেশনের পূর্বঘোষিত মহাসমাবেশ ২৪ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।