৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আজ রোববার আবারও পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষকেরা। আগামীকাল সোমবার কর্মবিরতি পালন করবেন ৩৩২টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা দ্বিতীয়বারের মতো ১৯ ও ২০ সেপ্টেম্বর সরকারি কলেজে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরাও আন্দোলনের ঘোষণা দিয়েছেন।
তবে এ নিয়ে শিক্ষকদের সঙ্গে সরকারের আলোচনার কোনো উদ্যোগের কথা জানা যায়নি।
গত কয়েক দিনে এ রকম কর্মসূচি আরও পালন করেছেন শিক্ষকেরা। ভবিষ্যতেও কঠোর আন্দোলনের হুমকি দিচ্ছেন। নতুন বেতন স্কেলকে কেন্দ্র করে শিক্ষকদের এই আন্দোলনকে ঘিরে এখন প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানেই অস্থিরতা শুরু হয়েছে। এতে ক্লাস-পরীক্ষা বন্ধ হয়ে শিক্ষা কার্যক্রমে একধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এর ফলে বছরের শেষ দিকে এসে শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিতে ব্যাঘাত ঘটছে।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সপ্তম বেতন স্কেলে যে ব্যবস্থা ছিল, সেটা রাখলেই ভালো হতো। গণতান্ত্রিক সমাজে আলাপ-আলোচনা করে এটা করা উচিত ছিল। এটা চাপিয়ে দেওয়া কোনোভাবেই ঠিক নয়। এখন সরকারের উচিত হবে শিক্ষকদের সঙ্গে আলোচনা করে সমস্যার নিরসন করা। না হলে শিক্ষার্থীদের আরও ক্ষতি হবে।
শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে খোঁজ নিয়ে জানা গেছে, গত সোমবার মন্ত্রিসভায় নতুন বেতন স্কেল অনুমোদন হওয়ার পর থেকে বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা করা হয়নি। মন্ত্রিসভায় অনুমোদনের আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষকদের সঙ্গে আলোচনা করলেও সে অনুযায়ী কাজ হয়নি বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকেরা।
বর্তমানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান দুজনই বিদেশে অবস্থান করছেন। ফলে এ বিষয়ে তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে শিক্ষাসচিব নজরুল ইসলাম খান গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত কোনো শিক্ষক সংগঠন তাঁর সঙ্গে যোগাযোগ করেনি। এ নিয়ে কোনো কথাও হয়নি।
গত কয়েক বছরে পাবলিক বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের কোনো আন্দোলন হয়নি। ফলে সেখানে সেশনজট কমে একটা ধারাবাহিকতা তৈরি হচ্ছিল। এখন বেতন ও মর্যাদাকে কেন্দ্র করে গত মে মাস থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনে সেই ধারাবাহিকতায় ছেদ পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক প্রথম আলোকে বলেন, এবারের আন্দোলন শিক্ষকদের আর্থিক স্বার্থের পাশাপাশি মর্যাদার বিষয়। এতে দল-মতনির্বিশেষে সব পর্যায়ের শিক্ষকেরা সমর্থন দিয়েছেন। সুতরাং এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত পরিস্থিতি শান্ত হবে বলে তাঁরা মনে করছেন না। এতে কার্যত শিক্ষার্থীরাই ক্ষতিগ্রস্ত হবেন।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমিতিগুলোর জোট বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল প্রথম আলোকে বলেন, শিক্ষামন্ত্রী চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সাড়া পাওয়া যায়নি। এ জন্য পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি এবং বেলা ১১টা থেকে একটা পর্যন্ত নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষকেরা। এর পাশাপাশি সংবাদ সম্মেলন করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো সম্পর্কে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দেওয়া ‘বিভ্রান্তিকর’ মন্তব্যের জবাব দেবেন তাঁরা।
বেতনকাঠামো নিয়ে গত মে মাসে সচিব কমিটির প্রতিবেদন দেওয়ার পর থেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আন্দোলন করে আসছেন। তাঁরা আশা করেছিলেন সরকার তাঁদের দাবি বিবেচনায় নেবে। কিন্তু সিলেকশন গ্রেড, টাইম স্কেল ও উচ্চতর স্কেল বাদ দিয়েই গত সোমবার মন্ত্রিসভা নতুন বেতনকাঠামো অনুমোদন করেছে। এর মাধ্যমে সিলেকশন গ্রেড থাকার কারণে অধ্যাপকদের এত দিন গ্রেড-১-এ উন্নীত হওয়ার যে সুযোগ ছিল, সেটা রদ হয়ে গেল। এখন একজন অধ্যাপককে গ্রেড-২-এ গিয়েই চাকরিজীবন শেষ করতে হবে, যা অতিরিক্ত সচিবদের সমমর্যাদার। উপরন্তু মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিব এবং জ্যেষ্ঠ সচিবদের জন্য বিশেষ দুটি গ্রেড সৃষ্টি করা হয়েছে। শিক্ষকেরা বলছেন, এতে তাঁদের মর্যাদা আরও অবনমন হবে।
অধ্যাপক মাকসুদ কামাল বলেন, ১৭ সেপ্টেম্বরও তাঁরা কর্মবিরতি পালন করবেন। এরপর ঈদের ছুটি হয়ে যাবে। কিন্তু দাবি পূরণ না হলে ঈদের পর আরও কঠোর আন্দোলন শুরু করা হবে।
বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি দেশের উচ্চশিক্ষার অধিকাংশ কার্যক্রম পরিচালিত হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি কলেজগুলোতে। কিন্তু সেই কলেজগুলোতেও আন্দোলন শুরু করেছেন শিক্ষকেরা। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকে গত বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেছেন তাঁরা। সমিতির মহাসচিব আই কে সেলিম উল্লাহ খন্দকার প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাঁদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি, কোনো আশ্বাসও দেওয়া হয়নি। যদি ১৮ সেপ্টেম্বরের আগেও কোনো যোগাযোগ না করা হয়, তাহলে আগামী ১৯ ও ২০ সেপ্টেম্বর আবারও কর্মবিরতি পালন করা হবে।
দেশের বর্তমানে ৩০৫টি কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১৪ হাজার শিক্ষক রয়েছেন।
সরকারি তিতুমীর কলেজ ও ঢাকা কলেজের কয়েকজন শিক্ষক প্রথম আলোকে বলেন, সরকারি কলেজের অধ্যাপকেরা সাধারণত চতুর্থ গ্রেডে যেতে পারলেও সিলেকশন গ্রেড পেয়ে ৫০ শতাংশ অধ্যাপক গ্রেড-৩-এ যেতে পারতেন। এই গ্রেড-৩ হলো প্রশাসন ক্যাডারের যুগ্ম সচিবদের সমপর্যায়ের। শিক্ষকেরা দীর্ঘদিন ধরে এই বিন্যাস পরিবর্তন করে আরও উচ্চতর গ্রেডের দাবি করে আসছেন। কিন্তু নতুন বেতন কাঠামোয় সেটা না করে উল্টো সিলেকশন গ্রেড বাদ দেওয়া হয়েছে। ফলে কলেজশিক্ষকদের চতুর্থ গ্রেডে থেকেই চাকরি শেষ করতে হবে। এটাকে তাঁরা অবমাননাকর মনে করছেন। এটা তাঁরা মানবেন না।
মাধ্যমিক শিক্ষকদের কাল কর্মবিরতি: সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা বলছেন, সহকারী শিক্ষকদের পদোন্নতির পদ মাত্র ৪ শতাংশ। কিন্তু এত দিন সহকারী শিক্ষকেরা পদোন্নতি না পেলেও দশম গ্রেড থেকে সপ্তম গ্রেড পেয়েছেন। কিন্তু এখন সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিলের কারণে মাধ্যমিক শিক্ষকেরা বৈষম্যের শিকার হবেন।
বাংলাদেশ সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ইনছান আলী বলেন, এই বৈষম্য নিরসনের দাবিতে ১৪ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। এরপরও দাবি পূরণের আশ্বাস না পাওয়া গেলে সময়ই বলে দেবে কী করা হবে।
এদিকে ঘোষিত বেতনকাঠামোতে সহকারী প্রাথমিক শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে পুনর্নির্ধারণসহ ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি। দাবি আদায়ে ১৭ সেপ্টেম্বর সারা দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হবে। এ ছাড়া ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিদ্যালয়ে গণসংযোগ এবং ১৫ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী অনশন করবেন শিক্ষকেরা।