আন্দোলনে স্থবির বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শিক্ষক-চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী সমন্বয় পরিষদের ডাকা টানা পাঁচ দিনের আন্দোলন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়েছে চট্টগ্রামের বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম৷
১৮ মে থেকে শিক্ষক-চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী সমন্বয় পরিষদ প্রতিদিন সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত কর্মবিরতি, মিছিল-সমাবেশ করছে৷ বিশ্ববিদ্যালয়-সংলগ্ন ইউএসটিসি বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে৷ এমবিবিএস ফার্স্ট টার্ম পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমসহ প্রশাসনিক সব কাজই বন্ধ রয়েছে৷
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক শামস-উদ-দোহা প্রথম আলোকে বলেন, আমরা পরিচালনা কর্তৃপক্ষের কাছে অচলাবস্থার বিষয় তুলে ধরেছি৷
সমন্বয় পরিষদের দাবির মধ্যে রয়েছে চাকরিবিধি প্রণয়ন, রাষ্ট্রপতি অনুমোদিত স্থায়ী উপাচার্য, সহ-উপাচার্য ও ট্রেজারার নিয়োগ, যুগোপযোগী বেতনকাঠামো, পদোন্নতি, অবসরকালীন সুযোগ-সুবিধার নিশ্চয়তা, শিক্ষক-সংকট নিরসন, শিক্ষা উপকরণের সুযোগ-সুবিধা বাড়ানো, হাসপাতালের সেবার মানোন্নয়ন ইত্যাদি৷
আন্দোলন প্রসঙ্গে ইউএসটিসি শিক্ষক-চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী সমন্বয় পরিষদের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমাদের ক্রমাগত আন্দোলন সত্ত্বেও বিশ্ববিদ্যালয় পরিচালনা কর্তৃপক্ষ কোনো সাড়া দিচ্ছে না৷ কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আগ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে৷’
ফিজিওথেরাপি বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল কাদির বলেন, ‘আমরা পেশাজীবী৷ আমাদের আন্দোলনের সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই৷ বিএমএর নেতারা আমাদের সঙ্গে সংহতি জানিয়েছেন৷ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে আমাদের আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরব৷’
জানা গেছে, ১৯৮৯ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত কোনো চাকরি বিধিমালা তৈরি হয়নি৷ কর্তৃপক্ষের নিজস্ব সিদ্ধান্তে বেতনকাঠামো, পদোন্নতি নির্ধারিত হয়ে আসছিল৷
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান মো. ফয়েজ আহমাদ খান বলেন, ‘এখানে পদোন্নতি, বেতন বৃদ্ধির কোনো নিয়ম নেই৷ সারা দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালের মধ্যে আমাদের বেতন সর্বনিম্ন৷’
গতকাল বিশ্ববিদ্যালয়ের ফয়’স লেক ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, প্রায় ফাঁকা বিশ্ববিদ্যালয়ের চারপাশ৷ ভারপ্রাপ্ত উপাচার্য, সহ-উপাচার্য, রেজিস্ট্রারের কক্ষ তালা দেওয়া৷ বিভিন্ন অনুষদের শ্রেণিকক্ষগুলোও বন্ধ রয়েছে৷ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে বৈঠকে বসেছেন আন্দোলনকারী শিক্ষক-চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা৷
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইউএসটিসি বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের বহির্বিভাগ রোগীশূন্য৷ খোঁজ নিয়ে জানা যায়, আন্দোলনের কারণে হাসপাতালে নতুন করে রোগী ভর্তি হচ্ছে কম৷ আবার অনেকেই চলে যাচ্ছে৷ গতকাল বেলা দুইটা পর্যন্ত আড়াই শ শয্যার হাসপাতালে রোগী ভর্তি ছিল ১১০ জন৷ গত বুধবার ২৯ জন এবং গতকাল বৃহস্পতিবার বেলা দুইটা পর্যন্ত ১৮ জন রোগী হাসপাতাল ছেড়ে চলে যায়৷
হাসপাতালের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শওকত আলী বলেন, ‘আন্দোলনের কারণে নতুন রোগীরা হাসপাতালে আসতে ভরসা পাচ্ছে না৷ তবে আমাদের জরুরি বিভাগে চিকিৎসাসেবা চলছে৷’
আন্দোলনের কারণে এমবিবিএস ফার্স্ট টার্মের পরীক্ষা হয়নি বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক কাজী রফিকুল হক৷ তিনি এর মধ্যে আলোচনার মাধ্যমে পরীক্ষার সময় নির্ধারণ করে নেবেন বলে জানান৷