আন্দোলনের কারণেই জামায়াত নিষিদ্ধের পথ সুগম হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণজাগরণ মঞ্চের তিন বছর পূর্তি উপলক্ষে গতকাল সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে আলোর মিছিল বের করেন সংগঠনটির কর্মীরা। তাঁদের অনেকের হাতে ছিল বিভিন্ন সময়ে হামলায় নিহত কয়েকজন লেখক–ব্লগারের ছবি l প্রথম আলো
গণজাগরণ মঞ্চের তিন বছর পূর্তি উপলক্ষে গতকাল সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে আলোর মিছিল বের করেন সংগঠনটির কর্মীরা। তাঁদের অনেকের হাতে ছিল বিভিন্ন সময়ে হামলায় নিহত কয়েকজন লেখক–ব্লগারের ছবি l প্রথম আলো

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, গণজাগরণ মঞ্চের আন্দোলনের কারণে যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার পথ সুগম হয়েছে। জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি বাংলাদেশের মানুষের। গণজাগরণ মঞ্চ রাজপথে থেকে এই দাবি আদায় করবে।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের তিন বছর পূর্তি উপলক্ষে আয়োজিত স্মৃতিচারণামূলক অনুষ্ঠানে ইমরান এইচ সরকার এ কথা বলেন। তিনি বলেন, ‘এই আন্দোলন আমরা অব্যাহত রাখব। একটি মানবিক, বৈষম্যমুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করব। এটাই আজকে গণজাগরণ মঞ্চের প্রত্যয়।’
২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্চের যাত্রা শুরু হয়েছিল। তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বন্দরনগর চট্টগ্রামেও নানা কর্মসূচি পালিত হয়।
ঢাকায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জাগরণযাত্রা, স্মৃতিচারণা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার বর্ষপূর্তির স্লোগান হচ্ছে ‘নির্ভয়-চিত্তে মুক্তির সংগ্রাম অবিরাম’।
স্মৃতিচারণা করে ইমরান এইচ সরকার বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানবিক বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করাই গণজাগরণ মঞ্চের আগামী দিনের চ্যালেঞ্জ। আমরা ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি থেকেই সেই চ্যালেঞ্জ নিয়েছি।’ তিনি চার যুদ্ধাপরাধীর রায় কার্যকর হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান।
কিন্তু এখনো কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হয়নি উল্লেখ করে ইমরান বলেন, ‘আমরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে বৈষম্য, অন্যায় ও অবিচার দেখছি। গণজাগরণ মঞ্চ যেমন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন করে আসছে, একই সঙ্গে সকল অন্যায়ের বিরুদ্ধেও রাজপথে সোচ্চার হয়েছে।’
বর্ষপূর্তির দ্বিতীয় দিনের কর্মসূচিতে আজ শনিবার বিকেলে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী এবং শাহবাগে গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকালের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগীতা ইমাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি জনার্দন দত্ত, জীবনানন্দ জয়ন্ত প্রমুখ।
চট্টগ্রাম: বক্তৃতা, গান, আবৃত্তি আর শোভাযাত্রার মধ্য দিয়ে চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের তৃতীয় বর্ষপূর্তি উদ্যাপিত হয়েছে। নগরের চেরাগী পাহাড় মোড় চত্বরে বিকেলে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন শহীদজায়া মুশতারি শফি, নারীনেত্রী নূরজাহান খান ও খেলাঘর চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম।
মুশতারি শফি বলেন, সব যুদ্ধাপরাধীর ফাঁসি না হওয়া পর্যন্ত ঘরে ফেরা যাবে না। গণজাগরণ মঞ্চের কর্মীদের রাজপথে থেকেই যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে। সব বাধা ডিঙিয়ে এগিয়ে যেতে হবে।
নারীনেত্রী নূরজাহান খান বলেন, পাকিস্তান যে ধৃষ্টতা দেখাচ্ছে তা ঔদ্ধত্যের সীমা ছাড়িয়েছে। এখনই সময় তাদের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার। সরকারের কাছে এটাই দাবি। এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি মুক্তমনা লেখক-ব্লগারদের হত্যাকাণ্ডেরও বিচার নিশ্চিত করতে হবে। এক হয়ে লড়াই করতে হবে মৌলবাদ সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে।
সংগঠক রাশেদ হাসানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান, উদীচীর সহসভাপতি সুনীল ধর, সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্ত, আওয়ামী লীগের নেতা প্রদীপ দাশ, ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক নাহিদ আল মোস্তফা, ছাত্র ফ্রন্টের নেতা রাফিউল ইসলাম প্রমুখ।
সমাবেশের ফাঁকে ফাঁকে খেলাঘর, উদীচী, অভ্যুদয়, রাগশ্রী, প্রমাসহ বিভিন্ন সংগঠন সংগীত ও আবৃত্তি পরিবেশন করে। সমাবেশের আগে চেরাগী চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়।
২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে চট্টগ্রামেও গণজাগরণ মঞ্চের কর্মসূচি শুরু হয়েছিল।