ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অতিরিক্ত সেমিস্টার ফি বহাল থাকছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৭৭তম সভায় এ সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রফিকুল হকের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের ১৮৯ জন সদস্যের উপস্থিতিতে ওই সভা হয়৷ সভায় বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সঞ্চালনা করেন রেজিস্ট্রার আবদুল খালেক৷ এগুলো হলো দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অতিরিক্ত সেমিস্টার ফি এক হাজার ২০০ টাকা বহাল রাখা, প্রত্যেক অনুষদের সকল লেভেলে ভালো ফল অর্জনকারী ও গরিব মেধাবীদের পাঁচজন করে সেমিস্টার ফি মওকুফের সুপারিশ, সনদপত্রে কোনো ভুল হলে তা সংশোধন করে নতুন সনদপত্র প্রদান, আগামী শীতে সমাবর্তন করা ও পরীক্ষাপদ্ধতি বিকেন্দ্রীকরণ করা৷
এর আগে ১৪ মে অন্যান্য ফির সঙ্গে অতিরিক্ত ধার্যকৃত এক হাজার ২০০ টাকা সেমিস্টার ফি বাতিলের দাবিতে ক্লাস বর্জন করে ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রক্টর কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। গতকালের সভার দিকে তাকিয়ে ছিলেন ওই শিক্ষার্থীরা। আগামীকাল (আজ বৃহস্পতিবার) কী কর্মসূচি থাকবে এ বিষয়ে গতকাল রাতে শ্রেণিপ্রতিনিধিদের সিদ্ধান্ত নেওয়ার কথা৷
এদিকে গত মঙ্গলবার সন্ধ্যায় সেমিস্টার ফি বাতিলের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে প্রগতিশীল ছাত্রজোট।