আন্দোলনের মাধ্যমে রামপাল প্রকল্প বাতিল করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামপাল প্রকল্প বাতিলের দাবিতে তেল–গ্যাস–খনিজ সম্পদ ও বিদ্যুৎ​–বন্দর রক্ষা জাতীয় কমিটি গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে l ছবি: প্রথম আলো
রামপাল প্রকল্প বাতিলের দাবিতে তেল–গ্যাস–খনিজ সম্পদ ও বিদ্যুৎ​–বন্দর রক্ষা জাতীয় কমিটি গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে l ছবি: প্রথম আলো

যারা কোনো বিষয় বোঝে না, তাদের বোঝানো সম্ভব। কিন্তু যারা ইচ্ছে করে বুঝতে চায় না। যাদের মাথা অন্যত্র বন্ধক দেওয়া আছে। যারা মনে করে এটা বুঝলে তাদের জন্য সমস্যা, তাদের কাছে যত যুক্তিই দেওয়া হোক না কেন, তারা তা বুঝবে না।
তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ এসব মন্তব্য করে বলেছেন, রামপাল প্রকল্প নিয়ে তাঁরা সরকারের সঙ্গে আর কোনো আলোচনায় যাবেন না। অপ্রতিরোধ্য গণ-আন্দোলন গড়ে তুলে এই প্রকল্প বাতিল করা হবে।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় কমিটির এক সমাবেশে আনু মুহাম্মদ এসব কথা বলেছেন। তিনি সরকারের উদ্দেশে বলেছেন, ‘বিদ্যুৎ মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে রামপাল বিষয়ে আমাদের যুক্তি ও তথ্য তুলে ধরেছি। এর আগেও আমরা জ্বালানি মন্ত্রণালয়ে রামপালবিষয়ক বৈঠকে রামপাল প্রকল্পের কারণে সুন্দরবনের ক্ষতিবিষয়ক বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত তুলে ধরেছি। কিন্তু তারা আমাদের সঙ্গে যুক্তি-তর্কে পেরে না উঠলে প্রকল্পের কাজ ঠিকই চালিয়ে যাচ্ছে। ফলে এদের সঙ্গে আলোচনা করে কোনো লাভ নেই।’
আনু মুহাম্মদ বলেন, ‘এর আগে আমরা গ্যাস রপ্তানির বিরোধিতা করেছিলাম। এখন দেশের সবাই স্বীকার করছেন, তখন গ্যাস রপ্তানি হলে এখন যতটুকু গ্যাস আছে তা-ও থাকত না। কনোকো ফিলিপসের সঙ্গে চুক্তির সময় আমরা বলেছিলাম, এসব বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি না করে দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে গ্যাস কূপ খনন করুন। দরকার হলে বিদেশি বিশেষজ্ঞ আনুন। তখন সরকার থেকে বলা হয়েছিল, কনোকো ফিলিপসের সঙ্গে চুক্তি হলে আমরা অনেক গ্যাস পাব। দেশে শিল্পায়ন হবে।’
সমাবেশ শেষে জাতীয় কমিটি প্রেসক্লাব থেকে পুরানা পল্টন মোড় পর্যন্ত একটি মিছিল করে।