আন্দোলনের মুখে কমল সেশন ফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদের আন্দোলনের মুখে গতকাল সোমবার লালমনিরহাট সরকারি কলেজের স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণের বর্ধিত ফি কমানো হয়েছে৷ তবে এর আগে দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা অধ্যক্ষের সঙ্গে দেখা করতে গেলে তাঁদের ওপর বহিরাগতরা হামলা করে৷
অধ্যক্ষের ছেলের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা এ হামলা করেছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন৷ এ ঘটনার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটক এবং প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা লাগিয়ে দেন৷ বিকেলে কলেজ কর্তৃপক্ষ একাডেমিক কাউন্সিলের সভা ডেকে বর্ধিত ফি কমিয়ে দেয়৷
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ আরজুমান্দ বানু বলেন, ‘শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত নিয়ে ২০০ টাকা সেশন ফি কমানো হয়েছে।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার কক্ষের বাহিরে যা ঘটেছে সে জন্য উভয় পক্ষ দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে।’