আন্দোলনের মুখে কাউন্সিলরের জামিন, ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবহনশ্রমিকদের আন্দোলনের মুখে চাঁদাবাজি মামলায় জামিনে মুক্তি পেলেন বাগেরহাট পৌরসভার কাউন্সিলর ও শ্রমিকনেতা হাসিবুল হাসান ওরফে শিপন মিনা। গতকাল বুধবার দুপুরে বাগেরহাটের মুখ্য বিচারিক হাকিম আবু তাহের তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে তাঁতি লীগ নেতা সিদ্দিকুর রহমানও জামিন পান৷
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আজম খান বলেন, আদালত হাসিবুল হাসান ও সিিদ্দকের জামিন মঞ্জুর করার পর দুপুর থেকে পরিবহনশ্রমিকেরা তাঁদের ধর্মঘট প্রত্যাহার করে নেন৷
বাগেরহাট আন্তজেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি তালুকদার আবদুল বাকি বলেন, ‘সংগঠনের সাধারণ সম্পাদক হাসিবুল হাসানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁর মুক্তির দাবিতে গত মঙ্গলবার ভোর থেকে আমরা পরিবহন ধর্মঘট ডেকেছিলাম। তাঁর জামিন মঞ্জুর হওয়ায় বুধবার বেলা দুইটা থেকে আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।’
পুলিশ সূত্র জানায়, শহরের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড নামের জমি কেনা-বেচা ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নানের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি ও কার্যালয় ভাঙচুর করা হয়৷ এ অভিযোগে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আবু জাফর বাদী হয়ে সোমবার রাতে হাসিবুল হাসান, সিদ্দিকসহ শতাধিক লোককে আসামি করে থানায় মামলা করেন৷ আবু জাফর পৌরসভার প্রকৌশল শাখার কার্য সহকারী পদেও চাকরি করেন৷ এ মামলায় পুলিশ সোমবার রাত আড়াইটার দিকে হাসিবুল হাসান ও সিিদ্দককে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। হাসিবুলকে গ্রেপ্তারের প্রতিবাদে তাঁর সহযোগীরা মঙ্গলবার ভোর থেকে শহরে পিকেটিং করেন এবং সড়কে বিক্ষোভ করেন। তাঁদের আহ্বানে ব্যবসায়ীরা শহরের দোকানপাট বন্ধ রাখেন৷
এদিকে হাসিবুল হাসানকে গতকাল বিকেল পাঁচটার দিকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তিনি দাবি করেন, আটক করার পর থানায় নিয়ে হাতকড়া পরিয়ে চোখ বেঁধে পুলিশের দু-তিনজন সদস্য মিলে তাঁকে ব্যাপক মারধর করেন৷ এতে তাঁর ডান হাতের একটি আঙুল ভেঙে গেছে৷ এ ছাড়া আরও তিন-চারটি আঙুলের নখ থেঁতলে গেছে৷
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুসফিকার শামস বলেন, এক্স-রে করে হাসিবুলের একটি আঙুলের হাড়ের চারটি স্থানে ভাঙা দেখা গেছে৷ এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট বেঁধে আছে৷
ওসি আলী আজম খান দাবি করেন, তিনি অসুস্থ থাকায় ওই দিন থানায় ছিলেন না৷ তাই কী হয়েছে, তিনি তা জানেন না৷