আন্দোলনের মুখে কার্যালয় ত্যাগ প্রধান শিক্ষকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদের আন্দোলনের মুখে নাটোর সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গতকাল বুধবার সকালে নিজ কার্যালয় ত্যাগ করেন।
বিদ্যালয়ের ছাত্রসংসদের সভাপতি তাকিউল ইসলাম জানায়, প্রধান শিক্ষক আবদুল হামিদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ রয়েছে। এ কারণে তাঁকে অপসারণের দাবিতে মঙ্গলবার থেকে ছাত্ররা আন্দোলন শুরু করে। ছাত্রদের বিক্ষোভের মুখে মঙ্গলবার তিনি বিদ্যালয় ছেড়ে যেতে বাধ্য হন। এ কারণে ছাত্ররা আন্দোলন স্থগিত করে। কিন্তু গতকাল সকাল আটটার দিকে প্রধান শিক্ষক আবার বিদ্যালয়ে প্রবেশ করে তাঁর কার্যালয়ে যান। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্ররা আবারও ক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে কয়েকজন অভিভাবকের সহযোগিতায় আবদুল হামিদ বিদ্যালয় থেকে বেরিয়ে যান।
প্রধান শিক্ষক গণমাধ্যমকর্মীদের বলেন, তাঁর ব্যাপারে শিক্ষার্থীদের ভুল বোঝানো হয়েছে। তিনি বিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিদ্যালয় থেকে বের হয়ে অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে দেখা করতে যান। তিনি আশা করেন, পরিস্থিতি ঠিক হয়ে যাবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আতিয়ূর রহমান বলেন, প্রধান শিক্ষক তাঁকে চলমান সমস্যা সম্পর্কে অবহিত করেছেন। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।