শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গতকাল রোববার বিকেলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দুটি হল বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সন্ধ্যা ছয়টার মধ্যে ছাত্রদের এবং আজ সোমবার সকাল ১০টার মধ্যে মেয়েদের হল ত্যাগের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ১৫ ও ১৭ ডিসেম্বর স্নাতক পর্বে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই পরীক্ষা নির্বিঘ্ন করার জন্য শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
বন্ধ ঘোষিত শহীদ মসিয়ুর রহমান হলে থেকে প্রায় ৫৫০ জন ছাত্র এবং শেখ হাসিনা হলে প্রায় ৫০০ ছাত্রী লেখাপড়া করেন।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার জেরে সম্প্রতি শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। ছাত্রদের ওপর হামলা ও গ্রামবাসীকে উসকানি দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী বদি-উজ-জামান ওরফে বাদলের বিরুদ্ধে। বদি-উজ-জামানকে বরখাস্ত করার দাবিতে গত বৃহস্পতিবার থেকে শিক্ষার্থীরা পরীক্ষা ও ক্লাস বর্জন করে আন্দোলন করছিলেন। গতকাল বদি-উজ-জামান, বিশ্ববিদ্যালয়ের গাড়িচালক সাহেব আলী ও কর্মচারী জাহিদ হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানতে চাইলে শিক্ষার্থীদের প্রতিনিধি জিন প্রকৌশল ও জৈব প্রযুক্তি বিভাগের এমএ শেষ পর্বের ছাত্র নাসির উদ্দীন বাদল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কর্মচারী বদি-উজ-জামানের বিরুদ্ধে ক্যাম্পাসে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় দুটি মামলা আছে। সেই বদি-উজ-জামানের বরখাস্তের দাবিতে আমরা আন্দোলন করছি। উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।’
গত ২৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের মাঠে বালু ফেলার কাজে বদি-উজ-জামানের ভাই শরীফের ট্রলি ভাড়া করে কর্তৃপক্ষ। সমাবর্তনের আগের দিন শরীফ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন। ওই ঘটনায় ছাত্রীর সহপাঠীরা শরীফকে মারধর করেন। পরে শরিফ স্থানীয় কয়েকজনকে নিয়ে এক ছাত্রকে পিটুনি দেন। ওই ঘটনার প্রতিবাদে গত বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ুর রহমান হলের ছাত্ররা সমাবেশ করেন।