আন্দোলনের মুখে ভর্তি প্রক্রিয়া স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তিতে বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের আন্দোলনের মুখে ভর্তি প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। আগামী রোববার এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গতকাল বৃহস্পতিবার থেকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হয়। কিন্তু বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত অগ্রণী ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ আরও কয়েকটি সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা এতে অংশ নেন। দিনব্যাপী অবরোধের কারণে শিক্ষার্থীরা তাঁদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল বিকেলে ভর্তি প্রক্রিয়া স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।