শীতকালীন ছুটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গতকাল বেলা সাড়ে ১১টা থেকে বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিনসহ কর্মকর্তা-কর্মচারীদের প্রশাসন ভবনে তালা দিয়ে অবরোধ করে রাখেন আন্দোলনকারী ছাত্রলীগ নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকও বন্ধ করে রাখায় বেলা দেড়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বাসগুলো ফটকের বাইরে রাখা ছিল।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে ‘সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে প্রশাসন ভবনের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা-কর্মীরাও বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে আন্দোলনে যোগ দেন। এরপর বেলা সাড়ে ১১টা থেকে প্রশাসন ভবনের ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করতে থাকেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সেখানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাইদুল ইসলামসহ অন্য নেতারা বক্তব্য দেন এবং হল খোলা রাখার দাবিতে স্লোগান দিতে থাকেন। বেলা দুইটার দিকে দাপ্তরিক সময় শেষ হলেও কর্মকর্তা-কর্মচারীরা বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত অবরুদ্ধ থাকেন। এ ছাড়া হল খোলা রাখার দাবিতে বেলা ১১টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা সোয়া দুইটার দিকে উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বের হয়ে এসে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান। তবে আন্দোলনকারী ছাত্রলীগ নেতারা ঘোষণা না দেওয়া পর্যন্ত তালা খুলে দেওয়া হবে না বলে জানিয়ে দেন। এরপর বেলা আড়াইটার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা প্রশাসন ভবনে ঢুকে আলোচনা করে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। তারপরও তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আনন্দ কুমার সাহা, সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ শিক্ষকনেতারা এসে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য আহ্বান জানান। একপর্যায়ে আলোচনার জন্য হল প্রাধ্যক্ষ, শিক্ষক সমিতির নেতা ও আন্দোলনকারী ছাত্রলীগের নেতারা প্রশাসন ভবনে ঢোকেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন মাতিন বলেন, প্রশাসন ভবনে প্রাধ্যক্ষ পরিষদের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রাধ্যক্ষরা হল খোলা রাখার বিষয়ে একমত হন এবং সেই অনুযায়ী উপাচার্যের কাছে সুপারিশ করেন। উপাচার্য ওই সুপারিশ অনুমোদন করেন। এরপর প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক শিউলি শামিম আন্দোলনকারীদের সামনে এসে হল খোলা রাখার সিদ্ধান্ত ঘোষণা দিলে আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়।
শিউলি শামিম বলেন, প্রাধ্যক্ষ পরিষদের পক্ষ থেকে আবাসিক হলগুলো ৩১ ডিসেম্বর থেকে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সুপারিশ করা হয়েছিল। কিন্তু ৮ জানুয়ারি বিসিএস পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের কথা চিন্তা করে প্রশাসনের পক্ষ থেকে ৭ জানুয়ারি হল খুলে দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। তবে শিক্ষার্থীদের দাবির কথা চিন্তা করে প্রাধ্যক্ষ পরিষদ শীতকালীন ছুটিতে হল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।