আন্দোলনের মুখে হিসাব বহির্ভূত টাকা ফেরত শুরু
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী মাধ্যমিক বিদ্যালয়ে হিসাববহির্ভূত অর্থ আদায়ের প্রতিবাদে গতকাল বুধবার পূর্বঘোষিত মানববন্ধন ও ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে।
বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা পরিষদের সভাপতির শাস্তি দাবি করা হয়।
এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হিসাববহির্ভূত অর্থ চলমান আন্দোলনের মুখে ফেরত দেওয়া শুরু হয়েছে। প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, ১১৬ জন পরীক্ষার্থীর মধ্যে গতকাল পর্যন্ত ৯২ জনের টাকা ফেরত দেওয়া হয়েছে। বাকি ২৪ জন বিদ্যালয়ে না আসায় তাদের টাকা বাড়িতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে অভিভাবকেরা সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় চত্বরে ঢুকে ছাত্রছাত্রীদের মানববন্ধনে অংশ নেওয়ার আহ্বান জানালে তারা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। শিক্ষার্থীদের একটি অংশ ক্লাস বর্জন করে মানববন্ধনে অংশ নিলেও বাকিরা সংগঠিত হয়ে প্রধান শিক্ষকের পক্ষে আন্দোলনকারীদের ধাওয়া করে। এ সময় উভয় পক্ষের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া চলে। শেষে আন্দোলনকারীরা মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন চলাকালে গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আবদুর রাজ্জাক, অভিভাবক আবু সাঈদ আবদুল্লাহ, হাফিজুর রহমান, বজলুর রহমান ও মজিবুল হক বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ১ হাজার ৪৫০ টাকার পরিবর্তে ২ হাজার ৬০০ টাকা পর্যন্ত আদায় করেছেন। এ ছাড়া, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি ফি বাবদ ৬৭৫ টাকা আদায় করলেও ৫৬৫ টাকার ভাউচার দিয়েছেন। এ ছাড়া, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানসহ বিভিন্ন খাতে অর্থ আদায় করে আত্মসাৎ করেছেন। এলজিইডি থেকে সংস্কার বাবদ বরাদ্দ পাওয়া ১ লাখ ২০ হাজার টাকা খরচ না করেই আত্মসাৎ করেছেন। এই অনিয়ম নিয়ে সাধারণ শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে প্রধান শিক্ষকের দূরত্ব তৈরি হয়েছে। প্রধান শিক্ষকের এসব কাজে সহযোগিতা করেছেন সভাপতি রকিবুল ইসলাম।
এ বিষয়ে ৯ ফেব্রুয়ারি প্রথম আলোয় শিক্ষার্থীদের ‘পকেট কাটেন’ প্রধান শিক্ষক ও সভাপতি শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।