আন্দোলন অব্যাহত আটকে গেছে নভেম্বরের বেতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) উপাচার্যবিরোধী আন্দোলনের অষ্টম দিনেও গতকাল সোমবার ক্লাস-পরীক্ষা বর্জনসহ বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট পালন করেছেন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকার কারণে আটকে গেছে কর্মকর্তা-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন।এদিকে বেতন বিলে স্বাক্ষর না করার অভিযোগে রেজিস্ট্রার এবং কম্পট্রোলারকে অবাঞ্ছিত ঘোষণা করেছে আন্দোলনরত ঐক্য পরিষদ। ক্যাম্পাস সূত্রে জানা যায়, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল সকাল আটটা থেকেই আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ভেতরে অবস্থান ধর্মঘটে বসে। দুপুর ১২টার দিকে উপাচার্যের পদত্যাগের দাবিতে তাঁরা বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে কর্মচারী সমিতির সভাপতি রোকনুজ্জামান রুয়েটের রেজিস্ট্রার আবুল বাশার ও কম্পট্রোলার নাজিম উদ্দিনকে অবাঞ্ছিত ঘোষণা করেন। তিনি অভিযোগ করেন, মাসের প্রথম দিনেই রুয়েটের কর্মকর্তা-কর্মচারীরা বেতন পেয়ে থাকেন। কিন্তু আন্দোলনকারীদের দমিয়ে রাখতে উপাচার্যপন্থী রেজিস্ট্রার ইচ্ছাকৃতভাবে বেতন বিলে স্বাক্ষর করেননি। রেজিস্ট্রার আবুল বাশার বলেন, ‘ওরা তো ক্যাম্পাসেই প্রবেশ করতে দিচ্ছেন না। একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করে রেখেছেন। উপাচার্য থেকে শুরু করে কেউ অফিস করতে পারছেন না। তাহলে বেতন দেওয়ার কাজ কীভাবে করা সম্ভব? তাঁরা যদি এক দিনের জন্যও আন্দোলন বন্ধ রাখেন, তবে কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়া সম্ভব হবে।’এ বিষয়ে ঐক্য পরিষদের সদস্যসচিব হারুন অর রশিদ বলেন, ‘উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন করছি। রেজিস্ট্রার বা কম্পট্রোলারের আসতে তো কোনো বাধা নেই। তাঁদের আমরা ডেকেছিলাম; কিন্তু তাঁরা আসেননি। আন্দোলন থামানোর প্রশ্নই আসে না।’এদিকে রুয়েটের অচলাবস্থা নিরসনে গতকাল দুপুরে আবারও আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান। নগর ভবনে আন্দোলনকারীদের চারজন প্রতিনিধি মেয়রের সঙ্গে সাক্ষাৎ করেন। মেয়র এক মাসের জন্য আন্দোলন বন্ধ রাখার আহ্বান জানান। তবে আন্দোলনারীরা উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়ে দেন।রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীর ফলাফল দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত করার অভিযোগে ১৫ নভেম্বর থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে ঐক্য পরিষদ।