নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠান চালাতে হবে—এমন আইন বাতিলসহ তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায়ের লক্ষ্যে ২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবেন তাঁরা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে গতকাল বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ ছাড়া ৮ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি সমাবেশে কর্মসূচির ঘোষণা করেন তাঁরা। শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হচ্ছে: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার; আবাসিক সমস্যা ও শিক্ষকসংকট দূর এবং গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি।সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা দেওয়ার নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা বলেন, হাজারো শিক্ষার্থীর প্রাণের দাবির চলমান আন্দোলন ক্ষতিগ্রস্ত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রধান অভিভাবক হওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, যা খুবই দুঃখজনক।এদিকে ৯ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয় আইনের ২৭(৪) ধারা তুলে নেওয়ার ব্যাপারে সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি’ নিয়ে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় কোষাধ্যক্ষ, অনুষদের ডিন, চেয়ারম্যান, প্রক্টর, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় শিক্ষক-ছাত্র-কর্মকর্তাদের জন্য পরিবহন-সুবিধা, আবাসিক হলের সমস্যা সমাধান, ক্যানটিনে ছাত্রছাত্রীদের খাবারে ভর্তুকি প্রদান, দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সাহায্য প্রদান ও মেধাবীদের জন্য বৃত্তি প্রদানসহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।গত রোববারের ঘটনার পর গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৫ সাংবাদিকসহ ৩০০-৪০০ জনের বিরুদ্ধে পুলিশ মামলা করে।এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন খান প্রথম আলোকে বলেন, ছাত্রদের বিরুদ্ধে মামলা হয়েছে। এটা সংবেদনশীল বিষয়। তাই যত্নের সঙ্গে তদন্তকাজ করা হচ্ছে।বিশ্ববিদ্যালয় আইনের একটি ধারা বাতিলের দাবিতে রোববার থেকে শিক্ষার্থীরা টানা চার দিন বিক্ষোভ করেন। পরে বুধবার পরিস্থিতি শান্ত করতে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।