আন্দোলন করার শক্তি বিএনপির নেই: মায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দোলন করার শক্তি ও সাহস বিএনপির কোনোটিই নেই বলে মন্তব্য করেছেন ত্রাণ ও দুর্যোগ-ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আজ শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমীতে দেশরত্ন পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। খবর বাসসের

মায়া বিএনপির উদ্দেশে বলেন, ‘আওয়ামী লীগ বটগাছ, কলাগাছ না যে ঠেলা দিলেই পড়ে যাবে। ষড়যন্ত্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে পারবেন না। আন্দোলনের কথা বলে কোনো লাভ নেই। আন্দোলন করতে যে শক্তি-সাহসের প্রয়োজন, আপনাদের কোনোটাই নাই।’

ঈদের পর বিএনপির আন্দোলনের হুমকির জবাবে ত্রাণমন্ত্রী বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলছেন, ‘ঈদের পর সরকার পতনের আন্দোলন করবেন। এটা তাঁকে দিয়ে সম্ভব নয়। তিনি (খালেদা) আন্দোলনের হুমকি দেন, তাঁর সঙ্গে এখন কেউ নেই। তাঁর সঙ্গে আছে শুধু নিজের ছায়া।’ মায়া বলেন, আগে যেমন মুসলিম লীগ নামে একটা দল ছিল, এখন মুসলিম লীগ নামের কোনো দল নেই, তেমনি ঈদের পরে তাদের তথাকথিত আন্দোলনের পর বিএনপি নামের কোনো দল এ দেশে থাকবে না।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমান মিথ্যাচার করে ইতিহাস বিকৃত করছেন। এটি ষড়যন্ত্র। মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে তাঁদের ইতিহাস বিকৃতির ষড়যন্ত্র রুখে দিতে হবে।’

সংগঠনের সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুকুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।