আন্দোলন চলছে, শিক্ষক লাঞ্ছিত হওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়ন ফি কমানোর দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্র জোটের আন্দোলন অব্যাহত আছে। আন্দোলনের দ্বিতীয় দিনে গতকাল বুধবার সকালে জোটের নেতা-কর্মীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের ধস্তাধস্তির ঘটনা ঘটে।প্রশাসনের অভিযোগ, জোটের নেতা-কর্মীরা প্রক্টরিয়াল বডির চার সদস্যসহ আটজন শিক্ষককে লাঞ্ছিত করেছেন। এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার ক্যাম্পাসে কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন করার ঘোষণা দিয়েছেন শিক্ষকেরা।তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জোটের নেতা-কর্মীরা। প্রতিবাদে আন্দোলন অব্যাহত রাখার পাশাপাশি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার কথা জানান তাঁরা।প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ফি পাঁচ হাজার টাকা বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত রাখেন জোটের নেতা-কর্মীরা। গতকাল বুধবার বেলা ১১টার দিকে বিজ্ঞান অনুষদ চত্বরের পেছন দিকের অগ্রণী ব্যাংকে যাওয়া ফটকটি অবরোধ করেন তাঁরা। একপর্যায়ে তাঁরা ওই ফটকে তালা লাগিয়ে দিয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি ফি জমা দিতে বাধা দেন।দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সদস্যরা তালা ভাঙতে গেলে জোটের নেতা-কর্মীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। প্রায় ২০ মিনিট ধস্তাধস্তির পর বিজ্ঞান অনুষদের ডিন হাসনা হেনা বেগমসহ কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে আসেন। এ সময় শিক্ষকেরা আন্দোলনকারীদের ব্যানার কেড়ে নিতে চাইলে আরেক দফা ধস্তাধস্তি হয়।পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় তালা ভেঙে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। তবে এর পরও জোটের নেতা-কর্মীরা আন্দোলন চালিয়ে যান।এ ঘটনার পর উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সংবাদ সম্মেলন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন প্রক্টর কামালউদ্দীন আহমেদ। এ সময় উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকেরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে প্রক্টর বলেন, পরিস্থিতি শান্ত করতে শিক্ষকেরা ঘটনাস্থলে যান। কিন্তু উচ্ছৃঙ্খল ছাত্ররা শিক্ষকদের লাঞ্ছিত করেন। প্রক্টরিয়াল বডির সদস্যসহ আটজন শিক্ষক লাঞ্ছিত হয়েছেন বলে তিনি জানান।এ সময় উপাচার্য আন্দোলনকারীদের দাবি অযৌক্তিক উল্লেখ করে বলেন, শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে কালো ব্যাজ ধারণ করে শিক্ষকেরা মানববন্ধন করবেন বলেও জানান তিনি।