চট্টগ্রামে মেরিন ফিশারিজ একাডেমির ক্যাডেটরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্যাডেটরা এ ঘোষণা দেন।গত মঙ্গলবার পুলিশ ক্যাডেটদের হলত্যাগের নির্দেশ দিলে তাঁরা অস্বীকৃতি জানান। পরে পুলিশ লাঠিপেটা করে তাঁদের একাডেমি থেকে বের করে দেয়। এ ঘটনার পর কর্তৃপক্ষ ৩০ জুন পর্যন্ত একাডেমি বন্ধ ঘোষণা করে।সংবাদ সম্মেলনে ক্যাডেটরা কয়েকটি দাবি তুলে ধরেন। এগুলো হচ্ছে, মেরিন ফিশারিজ একাডেমি ক্যাডেটদের তিন বছর মেয়াদি প্রাক-সমুদ্র প্রশিক্ষণকে সমুদ্র পরিবহন অধিদপ্তরের স্বীকৃতি, বিনা শর্তে ধারাবাহিক নিষ্কৃতি সনদপত্র (সিডিসি) দেওয়া এবং ১২ মাসের চাকরির অভিজ্ঞতার পর কর্মকর্তা হিসেবে পরীক্ষার সুযোগ দেওয়া, মৎস্য কর্মকর্তা শ্রেণী-১ কে মার্চেন্ট কর্মকর্তা-৩ সমমান করা এবং মৎস্য খাতে চাকরির সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা।সংবাদ সম্মেলনে আগের রাতে পুলিশি হামলার বর্ণনা দিয়ে ক্যাডেটরা বলেন, মেরিন ফিশারিজ একাডেমি হলে বিনা উসকানিতে পুলিশ ক্যাডেটদের লাঠিপেটা করেছে। এ সময় একাডেমির ৩০, ৩১ ও ৩২তম ব্যাচের ক্যাডেটরা হলে উপস্থিত ছিলেন।ক্যাডেটরা অভিযোগ করেন, মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম ফজলুল হকের সঙ্গে ক্যাডেটদের বৈঠক ফলপ্রসূ না হওয়ায় ক্যাডেটরা আবাসিক হলে অবস্থান ধর্মঘট অব্যাহত রাখেন। এ সময় সেখানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। রাতে দুই শতাধিক পুলিশ ক্যাডেটদের লাঠিপেটা করে। এতে শতাধিক ক্যাডেট আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত ১৫ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।ক্যাডেটরা আরও অভিযোগ করেন, আন্দোলনকে ভিন্ন খাতে নিতে একাডেমির কিছু কর্মচারী হলের কাচ ও আসবাব ভাঙচুর করেন। সংবাদ সম্মেলনে পুলিশি হামলার নিন্দা জানানো হয়।মঙ্গলবার রাতে হল থেকে ক্যাডেটদের বের করে দেওয়ার পর মেরিন ফিশারিজ একাডেমি কর্তৃপক্ষ কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘কর্তৃপক্ষ চাইলে মামলাও করতে পারত। কিন্তু তারা তা করেনি। আমরাও জিডি নিয়ে নিয়েছি।’