আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তারেকের

‘প্রহসনের নির্বাচন বর্জন করায়’ দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। পূর্ব লন্ডনের ডকল্যান্ডের একটি হোটেলে স্থানীয় সময় রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি নির্বাচন-পরবর্তী ‘অবৈধ সরকারের’ সঙ্গে কোনো ধরনের সমঝোতার সম্ভাবনা নাকচ করে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনোত্তর পরিস্থিতিতে কোনো দিক-নির্দেশনা দেওয়ার আগেই তাঁর বড় ছেলে তারেক রহমান অনেকটা তাড়াহুড়ো করে সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, ‘তামাশার নির্বাচনকে কার্যত রুখে দেওয়ার মাধ্যমে দেশবাসী একটি লক্ষ্য অর্জন করল মাত্র। এটি চূড়ান্ত সাফল্য নয়; বরং চলমান স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রক্রিয়ারই একটি অবিচ্ছেদ্য অংশ।’তবে শারীরিকভাবে সুস্থ না হওয়া পর্যন্ত তাঁর দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিএনপির নেতৃত্বের সম্ভাব্য উত্তরাধিকারী তারেক রহমান। তিনি আন্দোলন অব্যাহত রাখার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
রাজনৈতিক সমঝোতা হলে এই সংসদ ভেঙে দিয়ে আবারও নির্বাচনের ব্যবস্থা করা সম্ভব বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইঙ্গিত দিয়েছেন। সে বিষয়ে প্রশ্নের জবাবে তারেক বলেন, ‘এই যে প্রহসনের নির্বাচন গতকাল হয়ে গেছে, প্রহসনের নির্বাচনের মাধমে যারা ক্ষমতায় আসে, এটা নিশ্চিত যে তারা বৈধ সরকার নয়; যা বৈধ নয়, তার সঙ্গে আলোচনার কী কারণ থাকতে পারে?’ তিনি বলেন, জনগণ ভোটে অংশ না নিয়ে বলে দিয়েছে বিএনপি যেদিকে যাচ্ছে বা যে পদক্ষেপ নিয়েছে, যে দাবি উপস্থাপন করেছে, তা সঠিক। এখন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনই একমাত্র সমাধান।
নির্বাচনের প্রাক্কালে ভিডিওবার্তায় নির্বাচন প্রতিহতের যে আহ্বান তারেক রহমান জানিয়েছিলেন, তা উসকানিমূলক বলে আওয়ামী লীগের নেতারা সমালোচনা করেছেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তারেক বলেন, এই বিচারের ভার তিনি দেশবাসীর ওপর ছেড়ে দিচ্ছেন।
সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্যে তারেক রহমান ১৮-দলীয় জোটের আহ্বানে সাড়া দিয়ে ‘প্রহসনের নির্বাচন প্রতিহত ও বর্জন’ করায় দেশবাসী ও জোটের নেতা-কর্মীদের ধন্যবাদ জানান। তিনি দাবি করেন, ‘বাংলাদেশের ভয়ানক এক দুর্যোগকালীন সময়ে বর্তমানে যেন ন্যায়ের সঙ্গে অন্যায়ের, সত্যের সঙ্গে মিথ্যার এবং জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে একটি রাজনৈতিক গোষ্ঠীর ক্ষমতার মোহের লড়াই চলছে।
দলের নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা দিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেন, শত প্রতিকূলতার মধ্যেও নিজ নিজ এলাকায় গণতান্ত্রিক আন্দোলনকে যেকোনো মূল্যে অব্যাহত রাখতে হবে। সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, শুধু দায়িত্ব পালনের অজুহাতে দেশবিরোধী শক্তির হুকুম তামিলের সুযোগ নেই।