আগামী ৩০ এপ্রিলের মধ্যে পার্বত্যচুক্তি বাস্তবায়নে সময়সূচিভিত্তিক কর্মপরিকল্পনা দেওয়া না হলে চুক্তি বাস্তবায়ন আন্দোলন শুরু হবে। আন্দোলন ছাড়া আদিবাসীদের অস্তিত্ব রক্ষা করা সম্ভব নয়। আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা। গতকাল বুধবার মারমা আদিবাসীদের বর্ষবরণের অনুষ্ঠান সাংগ্রাই জল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বর্ণাঢ্য জল উৎসব আয়োজনের মাধ্যমে মারমা আদিবাসী সম্প্রদায় নতুন বছরকে বরণ করে নেয়। রাঙামাটির কাপ্তাই উপজেলার চিংম্রং বৌদ্ধ বিহার মাঠে আয়োজিত জল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য রক্ষা ও আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠায় ১৭ বছর আগে পার্বত্য চুক্তি সই হয়েছে। কিন্তু তা এখনো বাস্তবায়িত হয়নি।’
সাংগ্রাই জল উৎসব উদ্যাপন কমিটি, চিংম্রং ২০১৫ আহ্বায়ক ক্যওজ মং চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোমাং রাজার প্রতিনিধি চহ্লা প্রু জিমি, জাতীয় আদিবাসী ফোরামের সভাপতি রবীন্দ্র নাথ সরেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ও বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা।