আন্দোলন ছড়াল সামাজিক যোগাযোগের নানা মাধ্যম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নটর ডেম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মোস্তাকিম আহমেদ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছে, ‘ফেসবুকে একজনের কাছ থেকে জানতে পেরেই শাহবাগের উদ্দেশে বাসা থেকে বের হলাম। পকেটে সম্বল দুই টাকার একটা ছেঁড়া নোট। আম্মুকে না বলেই বের হয়েছি। সায়েন্স ল্যাবরেটরির মোড়ে যেতেই হঠাৎ এক রিকশাচালক পেছন থেকে ডাক দিলেন, “মামা, কই যাবেন?” আমি বললাম, “যাব শাহবাগ, কিন্তু আমি হেঁটেই যেতে পারব”।’রিকশাচালক বললেন, ‘চলেন, আপনেরে নামায় দিয়া আসি।’ আমি অসহায়ের মতো বললাম, ‘মামা, আমার তাড়াতাড়ি যাওয়া লাগবে ঠিকই, কিন্তু পকেটে দুই টাকা ছাড়া কিছুই নেই।’ আমাকে বিস্মিত করে দিয়ে তিনি বললেন, ‘কী কাজে যাইতেসেন, খুব ভালো মতোই জানি। আপনার কাছ থেকে টাকা নিব না, শুধু একটা অনুরোধ, ওই জায়গায় গিয়ে আমার কথাটা বইলেন।’নাহ্, দেশে এখনো যুদ্ধ করার মতো কিছু মানুষ বেঁচে আছেন।মোস্তাকিম আহমেদের ওই অনুভূতিকে এ পর্যন্ত তিন হাজার জন লাইক বা পছন্দ করেছেন। আর নিজেদের মতামত দিয়েছেন ৩৫৮ জন। এভাবেই ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্য দিয়েই কাদের মোল্লাসহ অন্য যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে আসা হাজারো মানুষের ঢল নামার সূত্রপাত হয়েছিল। গত দুই দিনে শাহবাগের ওই প্রতিবাদী অবস্থান জনসমুদ্রে পরিণত হয়েছে।প্রথাগত সমাবেশের মতো পোস্টার, লিফলেট বা মাইকিং করার দরকার হয়নি। শাহবাগে যাওয়ার আহ্বান-অবস্থান আর প্রতিবাদের ভাষা জুগিয়ে তা প্রচার করেছে ফেসবুক। ফেসবুক স্ট্যাটাসের মধ্য দিয়ে কায়রোর আরব বসন্তের সূতিকাগার তাহরির স্কয়ারের আদলে শাহবাগ চত্বরের নতুন নামও রাখা হয়েছে ‘শাহবাগ স্কয়ার’। সোমবার দুপুরে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার রায়ের খবর দ্রুত ছড়িয়ে পড়ে ফেসবুক, টুইটার, বাংলা ব্লগসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে। ফাঁসির পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে দেশের মানুষ যে হতাশ ও ক্রুদ্ধ, তার প্রতিচ্ছবি ফুটে উঠেছে এসব সামাজিক যোগাযোগের মাধ্যমে। গত কয়েক বছরে এসব সামাজিক মাধ্যম হয়ে উঠেছে দেশের বিকল্প এক গণমাধ্যম। সেখানে মানুষ মুক্ত মত প্রকাশ করছে। কাদের মোল্লার রায়ের পরেও এই মাধ্যমগুলোতে মানুষ তাঁদের নিজস্ব মত প্রকাশ করছে। অধিকাংশ ক্ষেত্রেই রায়ের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দিচ্ছে।ফেসবুকে দেখা যাচ্ছে দুই শিশু উদোম গায়ে রায়ের প্রতিবাদ করতে বুকে লিখেছে ‘রাজাকারের ফাঁসি চাই’। সুব্রত দাস নামের একজন লিখেছেন, ‘এই মুহূর্তরা ইতিহাস হবে। ভেবে দেখুন, ওই ইতিহাসে আপনি থাকবেন কি না’। এরই মধ্যে ব্লগ ও ফেসবুকের বেশ কিছু গ্রুপের উদ্যোগে রাজধানীর শাহবাগে প্রতিবাদ সমাবেশ চলছে। তাদের দেখে সাধারণ জনগণ সেই সমাবেশে যোগ দিচ্ছেন। সামহয়্যারইনে ব্লগে অন্যমনস্ক শরৎ নামের এক ব্লগার লিখেছেন, রাজাকারের ফাঁসির দাবিতে গর্জে উঠেছে বাংলাদেশ: চল চল শাহবাগ স্কয়ার। হাসিবুল ইসলাম নামের এক ব্লগার প্রথম আলো ব্লগে লিখেছেন: বাংলাদেশের সব পথ মিলেছে এখন শাহবাগ স্কয়ারে।