
কুমিল্লার চান্দিনা মহিলা কলেজ জাতীয়করণের সিদ্ধান্ত বহাল রাখার দাবিতে গতকাল বুধবারও ছাত্রীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন। এ সময় ছাত্রীরা মহাসড়কে অবস্থান নিতে গেলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। তাঁরা মহাসড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধনও করেন।
আন্দোলনকারী ছাত্রীরা অভিযোগ করেন, আন্দোলন ঠেকাতে স্থানীয় সাংসদের নির্দেশে অধ্যক্ষ আজ বৃহস্পতিবার ও আগামী শনিবার কলেজ বন্ধ ঘোষণা করেছেন। একই সঙ্গে ছাত্রীদের ছাত্রীনিবাস ত্যাগ করার জন্য বলা হয়েছে।
কলেজ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সোয়া ১২টায় চান্দিনা মহিলা কলেজের কয়েক শ ছাত্রী কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে তাঁরা মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা ফটক, কাঠেরপুল ও সাহাপাড়া সেতু এলাকায় অবস্থান নেন। একপর্যায়ে ছাত্রীরা সড়কে বসে পড়েন। পরে ছাত্রীরা মহাসড়কের পাশে গিয়ে মানববন্ধন করেন। খবর পেয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী, চান্দিনা থানার ওসি রসুল আহমদ নিজামী মহাসড়কে গিয়ে বিক্ষুব্ধ ছাত্রীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের আওয়ামী লীগের সাংসদ ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মো. আলী আশরাফ দুই দিনের জন্য কলেজ বন্ধ রাখার নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে কলেজের অধ্যক্ষ মামুন পারভেজ বেলা তিনটায় কলেজ ও ছাত্রীনিবাস বন্ধ ঘোষণা করেন।
কলেজের অধ্যক্ষ মামুন পারভেজ বলেন, এমপি মহোদয়ের নির্দেশে দুই দিন কলেজ বন্ধ ঘোষণা করা হয়। ছাত্রীদের আন্দোলন নিয়ে সব মহলে কথাবার্তা হচ্ছে। আন্দোলন থামানোর জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে সাংসদ মো. আলী আশরাফের মুঠোফোনে গতকাল বুধবার বিকেলে দুই দফা ফোন করা হলেও তিনি তা ধরেননি।
ইউএনও সুমন চৌধুরী বলেন, ‘আন্দোলনরত ছাত্রীদের আমরা যথাসম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। তবে এভাবে কত দিন করতে হবে, তা বুঝতে পারছি না।’