আন্দোলন ঠেকাতে কলেজ বন্ধ ঘোষণা
শিক্ষার্থীদের বিক্ষোভ ঠেকাতে গত শনিবার থেকে রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ডিগ্রি কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কলেজের অফিস সহকারী মঞ্জুরুল হককে বরখাস্ত করার দাবিতে বার্ষিক পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা গত ২৮ এপ্রিল থেকে আন্দোলনে নেমেছিলেন।কলেজের অধ্যক্ষ বরাবর শিক্ষার্থীদের লিখিত অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করা ও অশালীন প্রস্তাব দেওয়ার অভিযোগে গত বছরের ২১ মার্চ অফিস সহকারী মঞ্জুরুল হককে সাময়িক বরখাস্ত করা হয়। পরে অভিযোগকারী ছাত্রী তাঁর অভিযোগ প্রত্যাহার করেন। প্রায় এক বছর পর সাময়িক বরখাস্তাদেশ কলেজ কর্তৃপক্ষ তুলে নিলে ওই অফিস সহকারী গত ২ এপ্রিল পুনরায় কলেজে যোগ দেন। কলেজের শিক্ষার্থীরা তাঁকে পুনরায় বরখাস্ত করার দাবিতে গত ৯ এপ্রিল অধ্যক্ষের বরাবর লিখিত অভিযোগ দেন। গত বৃহস্পতিবার দুপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অফিসকক্ষ থেকে বার্ষিক পরীক্ষার উত্তরপত্র ছিনিয়ে নিয়ে কলেজের মাঠে পুড়িয়ে ফেলেন।অফিস সহকারী মঞ্জুরুল হক তাঁর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে যে কলেজছাত্রী অভিযোগ করেছিলেন, পরে তা তিনি প্রত্যাহার করে নেন। তার পরও শিক্ষার্থীরা আমার বিরুদ্ধে কেন আন্দোলনে নেমেছেন, তা বুঝতে পারছি না।’ অধ্যক্ষ আবু সাঈদ বলেন, ‘ওই অফিস সহকারীর বিরুদ্ধে ছাত্রীর অভিযোগটি অনেকটা সঠিক ছিল। পরে ওই ছাত্রী তার অভিযোগপত্র প্রত্যাহার করে নেয়। ফলে বাধ্য হয়ে পরে মঞ্জুরুল হকের কাছ থেকে অঙ্গীকারনামা নিয়ে তাকে কলেজে যোগদান করানো হয়।’