চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশকে বাঁচাতে হলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর করে শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে হবে। কোনো বাধাই দেশের জনগণ মানবে না। যেখানে বাধা আসবে, সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। গুম, অপহরণ এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলের জোটের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে মামলা দেওয়ার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম জেলা পরিষদ চত্বরে কেন্দ্র-ঘোষিত এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে কোতোয়ালি থানা বিএনপি।আমীর খসরু সমাবেশে আরও বলেন, শুধু নিপীড়ন-নির্যাতনের মাধ্যমে প্রশাসন ও দেশের বাইরের শক্তি ব্যবহার করে সরকার টিকে থাকার অপচেষ্টা করছে। এত নিপীড়ন-নির্যাতনের পরও দেশের মানুষ মুক্তির আন্দোলনে নেমেছে, অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে নেমেছে। কোনো শক্তিই এই আন্দোলন থামাতে পারবে না।চট্টগ্রাম নগর বিএনপির সহসভাপতি সামশুল আলম বলেন, সরকার গণতন্ত্রের পথ থেকে সরে এসে বাকশালের পথে হাঁটছে। গণতন্ত্রকে অবরুদ্ধ রেখে মামলা-হামলা করে নিপীড়ন-নির্যাতনের মাধ্যমে জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়। সমাবেশে নগর ও থানা বিএনপির আরও অনেকে বক্তৃতা করেন। তাঁরা সরকারের কঠোর সমালোচনা এবং আন্দোলন জোরদার করার তাগিদ দেন।