আন্দোলন থামাতে লক্ষ্মীপাশা মহিলা কলেজ বন্ধ ঘোষণা
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার থেকে পাঁচ দিন বন্ধ থাকবে বলে অধ্যক্ষ নোটিশ দিয়েছেন। ছাত্রীরা গতকাল কলেজে আসেননি।শিক্ষকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, অধ্যক্ষের অপসারণ ও কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে গত সোমবার থেকে ছাত্রীরা ক্লাস বর্জন করে আন্দোলনে নেমেছেন।কলেজের অধ্যক্ষ তরফদার কামরুল ইসলাম বলেন, ডিগ্রি পরীক্ষা শুরু হওয়ায় এবং পরিস্থিতি সামাল দিতে কলেজ পাঁচ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।শিক্ষকেরা জানান, ডিগ্রি পরীক্ষা শুরু হবে বেলা দুইটা থেকে, চলবে প্রায় চার মাস। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা মোতাবেক পরীক্ষার সময় ক্লাস চালু থাকার কথা।কলেজ সূত্রে জানা গেছে, কলেজ পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে বাগিবতণ্ডার ঘটনায় অধ্যক্ষ কলেজের পাঁচজন শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন।