আন্দোলন দমাতেই নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিপাইমুখ বাঁধ নির্মাণ পরিকল্পনার প্রতিবাদে সিলেটে বিএনপির আন্দোলনকে দমাতেই বাস পোড়ানো ও ভাঙচুরের ঘটনায় দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সাজানো মামলা করা হয়েছে। গতকাল শনিবার সিলেট নগরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতারা এ অভিযোগ করেন। তাঁরা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। তিনি বলেন, টিপাইমুখে বাঁধ নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে ১ ডিসেম্বর সিলেটে বিএনপির ডাকে হরতাল পালিত হয়। হরতাল শেষে মাসব্যাপী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে ১৮ ডিসেম্বর বিএনপি ও এর অঙ্গসংগঠন নগরের কোর্ট পয়েন্টে মানববন্ধন করে। ওই দিনই সকালে গাড়ি পোড়ানো ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনার সঙ্গে বিএনপির নেতা-কর্মীরা জড়িত নন। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, টিপাইমুখ ইস্যুতে গণ-আন্দোলনে সরাসরি বাধা না দিয়ে আওয়ামী লীগ পুলিশকে দিয়ে আন্দোলনে সোচ্চার থাকা নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীসহ স্থানীয় নেতাদের আসামি করে মামলা করিয়েছে। তড়িঘড়ি করে ওই মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গাফফার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ প্রমুখ।