আন্দোলন নিয়ে খালেদার সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাৎ
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম গতকাল সোমবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের কার্যালয়ে দেখা করেছেন। শনিবার ক্যান্টনমেন্টের বাসভবন থেকে খালেদা জিয়াকে ‘উচ্ছেদের’ ঘটনায় তাঁকে সান্ত্বনা জানান জামায়াত নেতা। এ সময় আজহারুল ইসলামের সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর শাখার আমির হামিদুর রহমান। খবর ইউএনবির।আজহারুল ইসলাম জানান, বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে ভবিষ্যৎ সরকারবিরোধী আন্দোলন নিয়ে আলোচনা হয়েছে। দুই নেতার বৈঠকের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমেদ, শিক্ষক সদরুল আমিন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম প্রতিনিধি দলে ছিলেন। এ সময় বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।এ ছাড়া গতকাল রাতে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী ও সেক্রেটারি জেনারেল আবদুল লতিফ নেজামিরও খালেদা জিয়ার সঙ্গে দেখা করার কথা ছিল।