আন্দোলন নয়, আইনি লড়াইয়ের চিন্তা বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুটি মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরু এবং অন্য নেতাদের জামিন বাতিল ও গ্রেপ্তারের ঘটনাকে সরকারের নতুন কৌশল বলে মনে করছে বিএনপি। দলটির নেতারা মনে করেন, আগাম নির্বাচনের দাবিকে ভিন্ন দিকে নিতে সরকার বিএনপিকে জিয়া পরিবারকেন্দ্রিক আন্দোলনের দিকে ঠেলে দিতে চাইছে।
এ অবস্থায় খালেদা জিয়া ও তারেক রহমানসহ দলের কেন্দ্রীয় নেতাদের মামলা, গ্রেপ্তার ও জামিন বাতিলের প্রতিবাদে বড় ধরনের কোনো আন্দোলন কর্মসূচিতে না গিয়ে বিষয়টি আইনগতভাবে মোকাবিলার চিন্তা করছেন বিএনপির নীতিনির্ধারকেরা। তাঁরা আইনি প্রক্রিয়ায় যতটা সম্ভব সময়ক্ষেপণের কৌশল নেবেন বলেও জানা গেছে।
বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা বলেন, মূল দাবি থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে নিতে এর আগেও সরকার জিয়া পরিবারের মামলা নিয়ে একই কৌশল নিয়েছিল। তাঁরা বলেন, ২০১০ সালের নভেম্বরে খালেদা জিয়াকে সেনানিবাসের বাসা থেকে উচ্ছেদের প্রতিবাদ এবং তাঁর দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে ওই সময়ে বিএনপি হরতালসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। ফলে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিসহ জনসম্পৃক্ত অন্য বিষয়গুলো চাপা পড়ে যায়। তখন আন্দোলন জিয়া পরিবারকেন্দ্রিক হয়ে পড়ায় বিরূপ সমালোচনার মুখে পড়েছিল বিএনপি। এ থেকে তখন সরকারও রাজনৈতিক সুযোগ নিয়েছিল। এবার সরকারকে সেই সুযোগ দিতে চায় না বিএনপি।
বিএনপির কেন্দ্রীয় কয়েকজন নেতা বলেন, দ্রুততম সময়ের মধ্যে আরেকটি নির্বাচন দেওয়ার ব্যাপারে বিভিন্ন মহল থেকে দাবি উঠছে। সাধারণ মানুষের মধ্যেও সরকারের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হচ্ছে। এ অবস্থায় অন্য কোনো বিষয়ে আন্দোলনের মোড় ঘুরিয়ে নিলে মানুষ বিভ্রান্ত হতে পারে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রথম আলোকে বলেন, খালেদা জিয়া বা তারেক রহমানের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে, তা নিয়ে আলাদা আন্দোলনের সুযোগ নেই। দলের অন্য নেতা-কর্মীদের বিরুদ্ধেও সারা দেশে প্রচুর মামলা হয়েছে গত পাঁচ বছরে। তিনি বলেন, তাঁরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছেন। এই মামলাগুলো সেই আন্দোলনের অংশ। সরকার পরিস্থিতি ভিন্ন দিকে নিতে চাইলেও বিএনপি সেই ফাঁদে পা দেবে না। তাঁর দাবি, এসব মিথ্যা মামলা এমনিতেই খারিজ হয়ে যাবে।
দলীয় সূত্রগুলো জানায়, শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে সচল হওয়া এসব মামলা আইনগতভাবে মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির আইনজীবী নেতারা। গত বুধবার জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন ও তাঁর বড় ছেলে তারেক রহমানসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ২১ এপ্রিল মামলা দুটির সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন বিচারিক আদালত। তার আগেই অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাবেন বিএনপির আইনজীবীরা। তাঁরা মামলা দুটিতে নতুন করে অভিযোগপত্র দেওয়ার ব্যাপারে উচ্চ আদালতের রায় পেতে সর্বাত্মক আইনি চেষ্টা চালাবেন। হাইকোর্টে ব্যর্থ হলে আপিল বিভাগে যাবেন।
এ ছাড়া দলের শীর্ষস্থানীয় দুই নেতাকে বিচারের মুখোমুখি করার প্রতিবাদের অংশ হিসেবে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনগুলো বিক্ষোভ-মিছিল, সমাবেশসহ কিছু শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে। হরতাল-অবরোধের মতো জনদুর্ভোগ সৃষ্টিকারী কোনো কর্মসূচি দেওয়ার সম্ভাবনা নেই। এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার ছাত্রদল বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। আজ শুক্রবার স্বেচ্ছাসেবক দল পতাকা মিছিল ও বিএনপিপন্থী পেশাজীবীরা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং কাল শনিবার যুবদল বিক্ষোভ কর্মসূচি দিয়েছে। মামলার বিষয়ে সরকারকে রাজনৈতিকভাবে মোকাবিলার জন্য উপায় খুঁজতে শিগগিরই দলটির নীতিনির্ধারকেরা বৈঠকে বসবেন বলে জানা গেছে। ইতিমধ্যে আইনগত দিকগুলোও খতিয়ে দেখা শুরু করেছেন দলীয় আইনজীবী নেতারা।
বিচারিক আদালতে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, অভিযোগ গঠনের ক্ষেত্রে তাঁরা নিম্ন আদালতে ন্যায়বিচার পাননি। বিএনপির চেয়ারপারসন আদালতে হাজির থাকা সত্ত্বেও নিয়মানুযায়ী তিনি দোষী কি নির্দোষ, তাও জানতে চাওয়া হয়নি। এখন তাঁরা কী করবেন—জানতে চাইলে তিনি বলেন, আইনগতভাবে যা যা করা দরকার, তা-ই করা হবে।
জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দাবি করেন, জিয়া পরিবারকে রাজনৈতিকভাবে হেয় করতে এসব মামলা করা হয়েছে। বিএনপি তা আইনগতভাবে মোকাবিলা করছে। পাশাপাশি রাজনৈতিকভাবেও কী করা যায়, তা দেখা হবে। তিনি বলেন, এখনই বিএনপি কোনো কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। দলের নীতিনির্ধারকেরা কৌশল নির্ধারণ করবেন।