আন্দোলন প্রত্যাহার করলেন শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান অচলাবস্থা নিরসনের লক্ষ্যে রাষ্ট্রপতির নির্দেশনার পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি এবং সাধারণ শিক্ষক ফোরাম। আজ শনিবার থেকে শিক্ষকেরা ক্লাসে ফিরবেন বলে জানিয়েছেন। গতকাল এক তথ্য বিবরণীতে জানানো হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অচলাবস্থার কারণে শিক্ষা ও প্রশাসনিক কর্মকাণ্ড বিঘ্নিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তথ্য বিবরণীতে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় শুরু থেকেই বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট সংকট নিরসনে শিক্ষক ও উপাচার্যের সঙ্গে এবং শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে আলোচনা এবং এ সম্পর্কিত তদন্ত কমিটি গঠনসহ নানা প্রচেষ্টা চালিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা রাষ্ট্রপতি ও আচার্যের কাছে তুলে ধরা হলে তিনি সংশ্লিষ্ট সবাইকে কিছু নির্দেশনা দেন, যা গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ফোরাম ও শিক্ষক সমিতিকে জানানো হয়েছে। অচলাবস্থা নিরসনের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৭৩-এর ৫৬ ধারা অনুয়ায়ী রাষ্ট্রপতি ও আচার্যের নির্দেশনার আলোকে উপাচার্য অবিলম্বে সিনেট নির্বাচনের ব্যবস্থা নেবেন এবং সিনেটের মাধ্যমে বিশ্ববিদ্যালয় আইন ১১(১) ধারা অনুযায়ী উপাচার্য নিয়োগের প্যানেল তৈরি করবেন। এ ছাড়া উপাচার্য শিক্ষকদের বিরুদ্ধে করা রিট মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেবেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এবং শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে শিক্ষক ফোরাম ও আন্দোলনরত শিক্ষকেরা বিনা শর্তে আন্দোলন প্রত্যাহার করবেন।

গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলনে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন সাধারণ শিক্ষক ফোরামের সদস্যসচিব মুহাম্মদ কামরুল আহসান। রাষ্ট্রপতির প্রতি সম্মান প্রদর্শন করে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি। তবে আগামী রোববার দুপুর ১২টার মধ্যে রাষ্ট্রপতির নির্দেশনা বাস্তবায়নে উপাচার্য ব্যবস্থা না নিলে শিক্ষক ফোরাম সোচ্চার হবে বলেও জানান তিনি।