আন্দোলন প্রত্যাহার না হলে যথাযথ ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশের আন্দোলনকে ‘সুষ্ঠু শিক্ষার পরিপন্থী ও অবিবেচনাপ্রসূত’ উল্লেখ করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অন্যথায় সরকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও ছাত্রছাত্রীদের শিক্ষাজীবন অব্যাহত রাখার স্বার্থে ‘যথাযথ’ ব্যবস্থা নেবে।

গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তির মাধ্যমে এই আহ্বান জানায়। কিন্তু গতকালই আন্দোলনরত শিক্ষকদের একাংশ নতুন কর্মসূচি হিসেবে আজ মঙ্গলবার থেকে তিন দিনের ‘সর্বাত্মক কর্মবিরতি’ ঘোষণা করেছে।

আন্দোলন প্রত্যাহার না করলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, জানতে চাইলে মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে উচ্চ আদালতের নির্দেশনা আছে। ওই নির্দেশনার আলোকে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

গত ২৪ জুলাই হাইকোর্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কাজ যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

জানতে চাইলে ইউজিসির চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী প্রথম আলোকে জানান, গতকাল বিকেল পর্যন্ত মন্ত্রণালয়ের চিঠি পাননি। এটা পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রণালয়ের সূত্রমতে, গত রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীসহ কয়েকজন কর্মকর্তা মন্ত্রীর কক্ষে বৈঠক করেন। ওই সভার সিদ্ধান্তের আলোকে গতকাল আন্দোলন প্রত্যাহার করতে বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় মনে করে, শিক্ষকদের একাংশের এ ধরনের কার্যক্রম সুষ্ঠু শিক্ষার পরিপন্থী। তাদের এই আন্দোলনের ফলে ছাত্র-ছাত্রীদের ভর্তি, ক্লাস, পরীক্ষা, প্রশাসনিক কার্যক্রমসহ অন্যান্য শিক্ষা কার্যক্রম দীর্ঘদিন ধরে ব্যাহত হচ্ছে। মন্ত্রণালয় আশা করে, আন্দোলনরত শিক্ষকেরা অবিবেচনাপ্রসূত সব আচরণ, শিক্ষার্থীদের স্বার্থপরিপন্থী কার্যক্রম পরিহারসহ আন্দোলন প্রত্যাহার করবেন। বিজ্ঞপ্তিতে অনতিবিলম্বে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে শিক্ষকদের পেশাগত দায়িত্ব পালনে মনোনিবেশ করতে বলা হয়।

শিক্ষকদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে তদন্ত কমিশন গঠন এবং প্রতিবেদন জমার কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয় প্রতিবেদন পর্যালোচনা করে কার্যক্রম শুরু করেছে। কিন্তু কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার আগেই শিক্ষকদের একাংশ মন্ত্রণালয়ের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই পুনরায় আন্দোলন শুরু করে। তাদের এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়।

শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, আন্দোলনরত সাধারণ শিক্ষক ফোরাম গতকাল সংবাদ ব্রিফিং করে আজ মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে। ফোরামের সাধারণ সভা শেষে বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন ফোরামের সদস্যসচিব মুহামঞ্চদ কামরুল আহসান।

কর্মবিরতি চলার মধ্যে নতুন করে আবার সর্বাত্মক কর্মসূচি ঘোষণার কারণ জানতে চাইলে কামরুল আহসান বলেন, ‘এর আগে আমরা শুধু ক্লাস-পরীক্ষা বর্জন করেছি। এখন সব ধরনের প্রশাসনিক কর্মকাণ্ডও বন্ধ থাকবে।’ তিনি তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানান।

এদিকে তিনজন ডিন নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে শিক্ষক ফোরাম আট দিন ধরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ও ডেপুটি রেজিস্ট্রার আবু হাসানকে অবরুদ্ধ করে রেখেছেন। উপাচার্যের পদত্যাগের দাবিতে ফোরামের চলমান কর্মসূচিও অব্যাহত আছে। শিক্ষকদের অবস্থান কর্মসূচির প্রতিবাদে গতকালও নিজ বাসভবনে প্রবেশ করেননি উপাচার্য। তবে অবস্থান কর্মসূচি চালাচ্ছেন না তিনি। অন্যদিকে রেজিস্ট্রার ও ডেপুটি রেজিস্ট্রারকে অবরোধমুক্ত করার দাবিতে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির কর্মবিরতি অব্যাহত রয়েছে।

জানতে চাইলে উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমি অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছি। কিন্তু আন্দোলনকারী শিক্ষকেরা তা শোনেননি। দেশে আইন আছে, সরকার আছেন, তাঁরা নিশ্চয়ই উদ্যোগ নেবেন এ ব্যাপারে।’

অবরুদ্ধ থাকার বিষয়ে রেজিস্ট্রার কোনো মন্তব্য করতে না চাইলেও তাঁর পরিবারের সদস্যরা জানান, এক সপ্তাহ ধরে একটি কক্ষে অবরুদ্ধ থাকায় রেজিস্ট্রার শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। যেকোনো সময় তিনি অসুস্থ হয়ে পড়তে পারেন বলেও তাঁদের আশঙ্কা।