বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী বাকশালী সরকারের বিরুদ্ধে শিগগির আন্দোলন শুরু হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেবেন খালেদা জিয়া।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল সকালে নগরের বিপ্লব উদ্যানে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় আবদুল্লাহ আল নোমান প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আবদুল্লাহ আল নোমান বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে দেশনেত্রী খালেদা জিয়ার। অতীতের মতো রাজপথে গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমেই মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে।
মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় পরিবার পরিকল্পনাবিষয়ক সম্পাদিকা রোজী কবির, বিএনপির কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শামসুল আলম, সাবেক যুগ্ম সম্পাদক আবদুস সাত্তার, কাজী আকবর প্রমুখ।