বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার সব পথ বন্ধ করে দিয়েছে। এখন আন্দোলন-সংগ্রাম ছাড়া বিএনপির কোনো পথ নেই। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করতে দলীয় নেতা-কর্মীদের মাঠপর্যায়ে কাজ করার আহ্বান জানান তিনি।গতকাল মঙ্গলবার দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল এই আহ্বান জানান। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকারদলীয় লোকজন ডেসটিনি, ইউনিপেটুইউ থেকে শুরু করে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করছে। তিনি বুয়েট ও মেডিকেল কলেজের সাম্প্রতিক সংকটের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, সরকার সুপরিকল্পিতভাবে সব উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে, যাতে নতুন নেতৃত্ব সৃষ্টি হতে না পারে।তারেক রহমান কারাগার থেকে মুক্ত হলেও এখনো এক প্রকার নির্বাসিত জীবন যাপন করছেন মন্তব্য করে ফখরুল বলেন, ‘এ সরকারকে সরাতে না পারলে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা যাবে না।’বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, এক-এগারোর ষড়যন্ত্র এখনো চলছে। তিনি ‘তৃতীয় শক্তি’ থেকে শিক্ষা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আগেও দেশের জনগণ তৃতীয় শক্তিকে গ্রহণ করেনি, ভবিষ্যতেও করবে না।’সোনালী ব্যাংকের অর্থ কেলেঙ্কারির ঘটনার বিচারের দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেন, সোনালী-জনতার মতো ব্যাংক থেকে কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে। অভিযোগের মূলোৎপাটনের জন্য এর সঠিক বিচার হওয়া উচিত। তিনি গ্রামীণ ব্যাংকের প্রসঙ্গ টেনে বলেন, ‘এক শ্রেণীর মানুষের ড. ইউনূসের ব্যাংকের প্রতি ভয়ংকর লোভ। তিন-চার শ, পাঁচ শ কোটি টাকা তাদের লোভ সংবরণের জন্য যথেষ্ট নয়।’আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোস্তাহিদুর রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ প্রমুখ আলোচনায় অংশ নেন।