‘আপনাদের গঠনমূলক কোনো প্রস্তাব যদি থাকে, সংসদে আসেন। সেটাই আলোচনার জায়গা। আন্দোলনে সমাধান আসবে না।’ গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে বনানী কবরস্থানে ১৫ আগস্ট নিহত ব্যক্তিদের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিরোধী দলের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা বলেন। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ায় মনোনিবেশ করতে সব দলের প্রতি আহ্বান জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, আওয়ামী লীগ অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়তে বদ্ধপরিকর। বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের রায় বাস্তবায়ন করা হবে জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার অনেক পরে তাঁর হত্যাকারীদের বিচার হয়েছে। রায় আংশিকভাবে কার্যকর করা হয়েছে তারও অনেক পরে। সুতরাং আমাদের ধৈর্য আছে। যাকে যেখানে পাওয়া যাবে, তাদের বাংলাদেশের আইনের কাঠামোতে নিয়ে আসা হবে এবং রায় বাস্তবায়ন করা হবে।’ এবার শোক দিবসে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নিজে তাঁর জন্মদিন উদ্যাপন করছেন না—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সৈয়দ আশরাফ বলেন, ‘এখনো সময় শেষ হয়ে যায়নি; দেখা যাক, তিনি কী করেন।’ প্রসঙ্গত, রাতে খালেদা জিয়া তাঁর গুলশানের কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করেন।