আন্দোলনকারী শিক্ষক ও প্রশাসনের সম্মিলিত পদক্ষেপের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকালও ধর্মঘট কর্মসূচি পালন করেছেন শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা। অধিকাংশ বিভাগে উপাচার্যপন্থী শিক্ষকরা ক্লাস নিলেও ক্লাস নেননি আন্দোলনকারী শিক্ষকেরা। এ ছাড়া আন্দোলনকারী শিক্ষকেরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করে ভবনটি অবরুদ্ধ করে রাখায় সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল। গত ৯ জানুয়ারি ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যার ঘটনার পর বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন এই শিক্ষকেরা। এদিকে উপাচার্যপন্থী শিক্ষকেরাও শিক্ষক সমাজের কর্মসূচির প্রতিবাদে বিভিন্ন সময়ে মৌন মিছিল, সমাবেশ কর্মসূচি পালন করেন। এতে শিক্ষার স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এদিকে সাধারণ শিক্ষার্থী ও একাধিক শিক্ষক শিক্ষার স্বাভাবিক প্রক্রিয়া যাতে ব্যাহত না হয়, সে জন্য প্রশাসন ও আন্দোলনকারী শিক্ষকদের প্রতি সমিঞ্চলিত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। এ ছাড়া গতকাল দুুপুরে উপাচার্য শিক্ষক সমিতির সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সভা করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, উপাচার্যের পদত্যাগের দাবিতে গতকাল ভোর পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে জড়ো হন আন্দোলনকারী শিক্ষকেরা। পরে তাঁরা পরিবহন কার্যালয়ে গিয়ে কর্মকর্তাদের শিক্ষক-শিক্ষার্থীদের আনতে বাসগুলোকে ঢাকায় না পাঠানোর নির্দেশ দেন। এর আগেই ভোর চারটার দিকে বাসগুলো পাঠিয়ে দেয় প্রশাসন। এরপর শিক্ষকেরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। সকাল সোয়া নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মো. ফরহাদ হোসেন প্রশাসনিক ভবনে তাঁর কার্যালয়ের সামনে এসে ব্যক্তিগত একটি কাজের জন্য একটি গেটের তালা খুলে দেওয়ার অনুরোধ জানান। এ সময় আন্দোলনকারী শিক্ষকেরা তালা খুলে দেন। ১০টার দিকে তিনি কাজ শেষ করে ভবন থেকে চলে যান। খোঁজ নিয়ে যানা যায়, গতকাল আন্দোলনকারী শিক্ষকেরা ক্লাস না নিলেও অধিকাংশ বিভাগেরই ক্লাস নিয়েছেন উপাচার্যপন্থী শিক্ষকেরা। তবে গতকাল দুুপুর আড়াইটায় উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির তাঁর বাসভবনের কার্যালয়ে শিক্ষক সমিতির সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সভা করেন। সভায় তিনি শিক্ষক সমিতিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। তবে শিক্ষক সমিতির পক্ষ থেকে উপাচার্যকে আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে আলোচনার অনুরোধ জানানো হয়। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমদ বলেন, আলোচনার মধ্য দিয়েই বিষয়টির সুষ্ঠু সমাধান সম্ভব। আলোচনার ক্ষেত্রে আন্দোলনকারী শিক্ষকদের যেমন প্রশাসনের প্রতি বিশ্বাস রাখতে হবে, ঠিক তেমনি প্রশাসনকেও শিক্ষকদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করতে হবে। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুন বলেন, শিক্ষক সমিতির পক্ষ থেকে উপাচার্যকে আন্দো-লনকারী শিক্ষকদের সঙ্গে আলোচনা করার অনুরোধ করা হয়েছে। উপাচার্যপন্থী শিক্ষক অধ্যাপক অসিত বরণ পাল বলেন, শিক্ষকদের উচিত এমন কোনো কর্মসূচি পালন না করা, যাতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, ‘জুবায়ের হত্যার পর প্রায় তিন মাস ধরে বিভিন্ন দাবিতে আন্দোলন করছি। এর মধ্যে মাত্র একবার প্রশাসন আলোচনা করে দাবি পূরণের আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করি। কিন্তু প্রশাসন মিথ্যাচার করেছে, দাবি পূরণ করেনি। শনিবার সাধারণ সভার মধ্য দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।’এদিকে ধর্মঘট কর্মসূচির প্রতিবাদে মিছিলে না যাওয়া শিক্ষার্থীদের গালিগালাজ ও প্রহার করার অভিযোগ পাওয়া গেছে। মীর মশাররফ হোসেন হলের ৪১তম ব্যাচের একাধিক ছাত্র জানান, উপাচার্যপন্থী ছাত্রলীগ নেতা-কর্মীদের নির্দেশে গত মঙ্গলবার ক্লাস পরীক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন হলের ৪০ ও ৪১তম ব্যাচের ছাত্ররা। ওই মিছিলে মীর মশাররফ হোসেন হলের ৪১তম ব্যাচের ছাত্ররা অংশ না নেওয়ায় তাঁদের গালিগালাজ ও প্রহার করেন ছাত্রলীগের কর্মীরা।