
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানে আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আগামীকাল শনিবার বিকেল পাঁচটায় মন্ত্রীর মিন্টো রোডের বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
আজ শুক্রবার মুঠোফোনে প্রথম আলো ডটকমকে এ বৈঠকের কথা জানান শিক্ষামন্ত্রী।
এ ব্যাপারে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আমরা আলোচনার মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধান করতে চাই। আশা করি এর মাধ্যমে এ সমস্যার সমাধান হবে।’ তিনি শিক্ষার্থীদের ক্ষতি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান।
পদত্যাগ দাবি করে গত বুধবার থেকে সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ প্রশাসনিক ভবনে উপাচার্য আনোয়ার হোসেনকে অবরুদ্ধ করে রেখেছে। উপাচার্যের বাসভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ, শিক্ষকদের ওপর হামলা ও লাঞ্ছনার বিচার না হওয়াসহ মোট ১২ দফা দাবিতে তাঁরা এ আন্দোলন করছেন।