আন্দোলনকারী শিক্ষকদের সহযোগিতা চাইলেন উপাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষকদের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে সুষ্ঠুভাবে পরিচালনা করতে আন্দোলনকারী শিক্ষকেরা দ্রুত তাঁদের নিজ নিজ দায়িত্বে ফিরে আসবেন। আমি এখনো তাঁদের সহায়তা চাই।’

কয়েকজন শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে উপাচার্যের পদত্যাগের দাবিতে ১২ এপ্রিল থেকে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ ব্যানারে আন্দোলন শুরু করেন সরকারি দল-সমর্থক শিক্ষকদের একাংশ। এ আন্দোলনকে বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করার পাঁয়তারা আখ্যা দিয়ে সরকার-সমর্থক শিক্ষকদের অপর একটি অংশ ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ ব্যানারে উপাচার্যের পক্ষে অবস্থান নেয়।

৩০ আগস্ট শিক্ষক লাঞ্ছনার ঘটনায় উপাচার্যবিরোধী আন্দোলন আরও জোরদার হয়। এ অবস্থায় উপাচার্যের পক্ষে অবস্থান নেওয়া শিক্ষকেরা সংবাদ সম্মেলন করে আন্দোলনকে ‘স্বার্থের দ্বন্দ্ব’ বলে অভিহিত করেন। এরই মধ্যে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের মোর্চা ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক ফোরাম’ সংবাদ সম্মেলন করে উপাচার্যবিরোধী আন্দোলনকে কতিপয় শিক্ষককের স্বার্থের আন্দোলন হিসেবে উল্লেখ করে করে বিচার বিভাগীয় তদন্ত দাবি করে।

এ পরিস্থিতিতে গতকাল প্রথম সংবাদ সম্মেলন করেন উপাচার্য। চলমান অবস্থা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ‘সমস্যা’ অভিহিত করে তিনি বলেন, ‘সমস্যার সমাধান করতে নির্দিষ্ট কোনো সময়ের প্রয়োজন নেই। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে যেকোনো সময় আলাপ-আলোচনা চলবে।’

উপাচার্য আরও বলেন, ‘এ বিশ্ববিদ্যালয়ে কিছু ব্যক্তি আছেন, যাঁরা বিশ্ববিদ্যালয়কে অনেক কিছু দিয়েছেন। যেমন, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের মতো ব্যক্তিত্ব বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই দরকার।’

সংবাদ সম্মেলনে উপাচার্যের পক্ষে থাকা শিক্ষকদের মধ্যে অধ্যাপক রাশেদ তালুকদার, অধ্যাপক রেজাই করিম খোন্দকার, আখতারুল ইসলাম, জাকির হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।