আন্দোলনকারীদের অনাস্থা বিএমএর তদন্তকাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের অসহযোগিতার অভিযোগ তুলে তদন্ত বন্ধ করেছে চিকিৎসকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। গতকাল বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানায় সংগঠনটি। এর আগে ১৯ অক্টোবর বিএমএ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছিল। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ বিএমএর প্রতি তাঁরা আস্থা রাখতে পারেননি।
আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি আয়াতুল্লাহ হাসনাত বেহেস্তী প্রথম আলোকে বলেন, ‘বৈঠকের দিন বিএমএ আমাদের প্রতিনিধিদলকে কোনো কথা বলতে দেয়নি। বৈঠকটা আচমকা ডাকা হয়। আমরা পরদিন কমিটিতে ড. কামাল হোসেন, সৈয়দ আবুল মকসুদ, আবু সাঈদ খান ও সারা হোসেনের মধ্য থেকে দুজনকে রাখার অনুরোধ করেছিলাম। বিএমএ আমাদের কথা শোনেনি।’
এদিকে বিএমএর মহাসচিব এম ইকবাল আর্সলানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএমএ তার সামাজিক দায়বদ্ধতা থেকে সব পক্ষের সহযোগিতায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ খতিয়ে দেখতে চেয়েছিল। অভিযোগকারীদের অসহযোগিতায় এ কাজে অগ্রসর হওয়া যায়নি।
গত ১৮ সেপ্টেম্বর একযোগে দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পর থেকে প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। আন্দোলন শুরুর এক মাস পর ১৯ অক্টোবর বিএমএর মধ্যস্থতায় স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষার্থীরা।