আন্দোলনকারীদের কর্মসূচি 'আপাতত' স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্তৃপক্ষের আহ্বান ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে ‘আপাতত’ আন্দোলনের কর্মসূচি স্থগিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ‘বর্ধিত ফি ও বাণিজ্যিক সান্ধ্য কোর্সবিরোধী শিক্ষক-শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আয়াতুল্লাহ খোমেনি। এতে বলা হয়, ‘আমাদের ন্যায্য দাবির আন্দোলন চলছে ও ভবিষ্যতেও চলবে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একান্ত আহ্বানের প্রতি সুবিবেচনা রেখে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে আজকের কর্মসূচি স্থগিত করা হয়েছে।’

প্রসঙ্গত আজ ক্যাম্পাসে ড. শামসুজ্জোহা স্মরণে শোক র্যালি, পুষ্পস্তবক অর্পণ ও শিক্ষার বাণিজ্যিকীকরণবিরোধী শপথ গ্রহণ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ওই কর্মসূচি শেষে আন্দোলনের নতুন কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। গতকাল সোমবার তাঁরা গত ২ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কালোব্যাজ ধারণ কর্মসূচি পালন করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহ্বানের আমাদের দাবির ব্যাপারে কয়েক দফা আলোচনা হয়েছে। আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। আগামী দিনেও আলোচনা চলবে।’ এ আলোচনার মাধ্যমে সমাধান না হলে পরবর্তী সময় আন্দোলন গড়ে তোলা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে আট দফা দাবি ঘোষণা দেওয়া হয়। দাবিগুলো হলো— সামাজিক বিজ্ঞান অনুষদের সান্ধ্য কোর্স বাতিল, চলমান আইন ও বাণিজ্য অনুষদের সান্ধ্য কোর্স বাতিল, শিক্ষার্থীদের ওপর দায়ের করা মামলা প্রত্যাহার, ক্যাম্পাসে জারি করা রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, অবিলম্বে হামলাকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার এবং একাডেমিকভাবে বহিষ্কার, হামলায় আহত শিক্ষার্থীদের চিকিত্সার দায়িত্ব প্রশাসনের নেওয়া, হামলায় নেতৃত্বদানকারী চার সহকারী প্রক্টরকে অপসারণ এবং পুলিশ কর্মকর্তাদের বিচার করা, হলে আবাসিক শিক্ষার্থীদের থাকা এবং সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী গোলাম মোস্তফা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী  সোহরাব হোসেন, বাংলা বিভাগের শিক্ষার্থী আসাদুজ্জামান, ফোকলোর বিভাগের শিহাবুদ্দীন শিহাব প্রমুখ।

বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্য কোর্স বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গত ২ ফেব্রুয়ারি হামলা চালায় ছাত্রলীগ ও পুলিশ। ওই ঘটনায় বেশ কয়েকজন রাবার বুলেট বিদ্ধসহ অন্তত শতাধিক শিক্ষার্থী আহত হন। ঘটনার পরের দিন সকাল আটটা থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়। ১০ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে।