দিনাজপুরে পুলিশ হেফাজতে নির্যাতিত ইয়াসমীন হত্যাকারীদের বিচারের দাবিতে আন্দোলনের সময় গুলিতে সাতজন নিহত ও অনেকে আহত হয়েছিলেন। ইয়াসমীন হত্যাকারীদের ফাঁসি হলেও আন্দোলনকারীদের ওপর গুলি করে হতাহতের ঘটনার বিচার এখনো ঝুলে আছে। ১৯৯৫ সালের ২৪ আগস্ট ইয়াসমীন ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদ আন্দোলনে অন্যতম নেতৃত্বদানকারী দিনাজপুর আইনজীবী সমিতির হিউম্যান রাইটস মনিটরিং সেলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সরকার বলেন, ‘ওই ধর্ষণ ও হত্যার প্রতিবাদ করতে গিয়ে ১৯৯৫ সালের ২৭ আগস্ট দিনাজপুরবাসীর বের করা শান্তিপূর্ণ মিছিলে পুলিশ গুলি চালায়। গুলিতে সাত ব্যক্তি প্রাণ হারান। আহত হন অনেকে।’ওই ঘটনায় ক্ষমতার অপব্যবহার করে নিরীহ মানুষকে হত্যা ও ক্ষতি করার অভিযোগে দিনাজপুরের তৎকালীন জেলা প্রশাসক এ কে এম জব্বার ফারুক, পুলিশ সুপার আবদুল মোত্তালেব, গুলি করার নির্দেশ প্রদানকারী ম্যাজিস্ট্রেট ফখরুদ্দিন আহমেদ, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহ্তাব উদ্দিন, উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার চক্রবর্তী ও রেজাউল ইসলামের বিরুদ্ধে আলাদা চারটি মামলা করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নূরুল ইসলাম, সদস্য তৈমুর রহমান, কবীর বিন গোলাম এবং নিহত সামুর ভাই কলেজশিক্ষক মাহবুব আলী। মামলা চারটি বর্তমানে দিনাজপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে আটকে আছে।আদালত সূত্রে জানা গেছে, চারটি মামলার বাদী চারজন হলেও আসামিরা অভিন্ন। তাই চার মামলার বিচারকাজ একসঙ্গে চলছে। তবে মামলার আসামিরা সবাই সরকারের পদস্থ কর্মকর্তা হওয়ার কারণে তাঁদের বিরুদ্ধে মামলা পরিচালনা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন হয়। এর পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট ফখরুদ্দিন আহমেদ, ওসি মাহ্তাব উদ্দিন, এসআই স্বপন কুমার ও রেজাউল ইসলামের বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি পাওয়া যায়। সে অনুযায়ী চারজনের বিরুদ্ধে ২০০৮ সালের ২৬ জুন সমন জারি করেন আদালত। তবে মামলার প্রধান দুই আসামি তৎকালীন জেলা প্রশাসক এ কে এম জব্বার ফারুক এবং পুলিশ সুপার আবদুল মোত্তালেবের বিরুদ্ধে মামলা পরিচালনার অনুমতি আসেনি। তাই তাঁদের বিরুদ্ধে সমন জারি করা হয়নি।আদালত সূত্রে আরও জানা গেছে, সমন জারির পর মামলার অন্যতম আসামি ম্যাজিস্ট্রেট ফখরুদ্দিন ‘নিম্ন আদালতে মামলাটি আমলে নেওয়া সঠিক হয়নি’ এই কারণ উল্লেখ করে মামলা খারিজের দাবি করে ২০০৮ সালের ১৬ জুলাই হাইকোর্টে আবেদন করেন। আদালতের নির্দেশে চারটি মামলার যাবতীয় নথিপত্র হাইকোর্টে পাঠানো হয়। দিনাজপুর আদালত মামলাগুলোর কার্যক্রম ২০০৯ সালের ১৮ জানুয়ারি পর্যন্ত স্থগিত ঘোষণা করেন। এখনো সেই অবস্থায় রয়েছে।নিহত ইয়াসমীনের মা শরীফা বেগম, মামলাগুলোর বাদী এবং ওই আন্দোলনে জড়িত ছিলেন দিনাজপুরের এমন বিশিষ্ট ব্যক্তিরা ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। শরীফা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমার মেয়ের হত্যাকারীদের বিচার হয়েছে। আমি শান্তি পেয়েছি। কিন্তু আমার মেয়ের হত্যার ঘটনার প্রতিবাদ করতে গিয়ে যাঁরা নিহত হলেন তাঁদের হত্যাকারীদের আমি বিচার চাই।’