সিলেটের বড়জান টি এস্টেটের অধীন কালাগুল চা-বাগানে আন্দোলনকারী শ্রমিকদের দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট সদর উপজেলা চেয়ারম্যানের মধ্যস্থতায় সমঝোতা বৈঠকে আন্দোলনকারীদের দাবি অনুযায়ী অবসরপ্রাপ্ত চা-শ্রমিক নূরুল ইসলামকে বরখাস্ত করার সিদ্ধান্ত হওয়ায় আন্দোলনকারীরা তাঁদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। চা-বাগান ব্যবস্থাপক ও শ্রমিক সূত্র জানায়, কালাগুল চা-বাগানের অবসরপ্রাপ্ত শ্রমিক নূরুল ইসলামের বরখাস্তের দাবিতে গত ২২ মার্চ থেকে বাংলাদেশে ট্রেড ইউনিয়ন সংঘ ও চা-শ্রমিক সংঘের নেতৃত্বে চা-শ্রমিকেরা আন্দোলন করে আসছিলেন। গত ২৭ মার্চ চা-শ্রমিক সংঘ নগরে বিক্ষোভ করে জেলা প্রশাসক বরাবর সঞ্চারকলিপি দেয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল জেলা প্রশাসকের নির্দেশনায় সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ বাগানের ব্যবস্থাপনা ও শ্রমিকদের নিয়ে সমঝোতা বৈঠকে বসেন। এক পক্ষের দাবি অনুযায়ী নূরুল ইসলামকে বরখাস্ত করার সিদ্ধান্ত হলে আন্দোলনকারীরা তাঁদের কর্মসূচি প্রত্যাহার করে নেন। বিকেলে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী খাদিমনগর ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি গঠিত হয়েছে। ওই কমিটি আন্দোলনকারীদের ওপর হামলা ও ক্ষয়ক্ষতির বিষয়টি নিরূপণ করবে বলে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেটের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম মকুবুল জানান।