আন্দোলনকারীদের নামে মামলা প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা পাইকগাছা উপজেলার কুমখালী গ্রামে লোনাপানির চিংড়ি চাষের বিপক্ষে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে গত বুধবার মানববন্ধন পালিত হয়েছে। খুলনার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধনে কয়েক শ দরিদ্র কৃষক অংশ নেন। কৃষি জমিতে লোনাপানির চিংড়ি চাষ বন্ধ এবং চিংড়ি ঘেরের মালিকের করা মামলা প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের কাছে তাঁরা স্মারকলিপি দেন।জানা যায়, পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের কুমখালী গ্রামে ৭৩৫ বিঘার ধানী ও সবজি চাষের জমি ইজরা নিয়ে লবণপানি তুলে চিংড়ি ঘের করেন মজিদ সানা। ২০০৮ সালের ডিসেম্বরে তাঁর চুক্তির মেয়াদ শেষ হয়। কিন্তু মজিদ সানা জমি না ছেড়ে ২০০৯ সালের জানুয়ারিতে জমিতে লবণপানি তুলে চিংড়ি চাষের চেষ্টা চালান। কিন্তু জমির মালিকদের প্রতিরোধের মুখে ওই বছর লবণপানি তুলতে ব্যর্থ হন। ৭ জানুয়ারি মজিদ সানার লোকজন ওই জমিতে লোনাপানি তোলার চেষ্টা করলে শত শত নারী-পুরুষ বাধা দেয়। এ ঘটনায় মজিদ সানার ঘেরের ব্যবস্থাপক জামাল উদ্দিন সরদার বাদী হয়ে ৮ জানুয়ারি পাইকগাছা থানায় একটি মামলা করেন। মামলায় লোনাপানির চিংড়ি চাষবিরোধী আন্দোলনকারী পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের কৃষি সম্পাদক ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রুহুল আমিন বিশ্বাসসহ ২৪ জন জমির মালিককে আসামি করা হয়।