চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা ছাত্রলীগের কর্মী আসাদুজ্জামানের হত্যাকারীদের গ্রেপ্তার ও উপাচার্যের পদত্যাগের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতীকী অনশন করেছেন। আধা ঘণ্টার এই অনশনকালে তাঁরা দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।এর আগে একই স্থানে শিক্ষকদের বাসে হামলা ও শিক্ষককে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মানববন্ধন করে। মানববন্ধনে শিক্ষক সমিতির নেতারা ছাড়াও আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থিত শিক্ষকেরা অংশ নেন। তাঁরা কুচক্রীদের হাত থেকে বিশ্ববিদ্যালয়ের ১৯ হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবন রক্ষা; অছাত্র, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হাত থেকে বিশ্ববিদ্যালয়কে রক্ষা এবং শিক্ষকদের বাসে অগ্নিসংযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিসহ বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড বহন করেন।এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছয় দফা দাবি জানান। দাবিগুলো হচ্ছে আসাদসহ সব হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত; উপাচার্য আবু ইউসুফ, প্রক্টর জসিম উদ্দিন ও ছাত্র-উপদেষ্টা তৌহিদ হোসেনের অপসারণ; আসাদসহ নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান; আঞ্চলিক অপরাজনীতির কলুষমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা, আসাদের স্মৃতি রক্ষার্থে ক্যাম্পাসের স্টেশন চত্বরে ভাস্কর্য নির্মাণ এবং আসাদ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলনরত যেসব ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের মুক্তিদান।